মাতৃভূমি সংস্থার ‘ব্যতিক্রমী’ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৬ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধলাইয়ের মথুরাপুর প্রেসবাইটেরিয়ান ইংলিশ মিডিয়াম স্কুল প্রাঙ্গণে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে মাতৃভূমি সামাজিক সংস্থা। “সবুজ পরিবেশই আপনার মন চিরসবুজ রাখতে পারে” — এই মূলমন্ত্রকে সামনে রেখে শুক্রবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা তুলে ধরা হয়। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন মাতৃভূমি সামাজিক সংস্থার কর্মকর্তাবৃন্দ, সদস্য-সদস্যা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। পরিবেশবান্ধব এই উদ্যোগে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনার ছাপ। শুধু চারা রোপণ করেই দায়িত্ব শেষ নয়, বরং রোপিত গাছগুলোর সুরক্ষা ও পরিচর্যার জন্যও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সংস্থাটি।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সিতাংশু দাস বলেন, “প্রতি বছরের মতো এ বছরও আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করছি। তবে এবার আমরা একটি ব্যতিক্রমী ভাবনা নিয়ে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। পাঁচ বছর আগে এই বিদ্যালয়ে আমরা যে চারাগাছগুলো রোপণ করেছিলাম, সেগুলো আজ বড় হয়ে ছায়াময় ও মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। সেই দৃশ্য আমাদের নতুন করে অনুপ্রাণিত করেছে। তিনি আরও জানান, মাতৃভূমি সামাজিক সংস্থা শুধুমাত্র ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের মধ্যেই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখে না। সারা বছর ধরে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতার কাজ চালিয়ে যায়। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে স্মারকচিহ্নের পাশাপাশি তাদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়েছিল, যাতে নতুন প্রজন্ম পরিবেশ সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করতে পারে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, বনভূমি ধ্বংস এবং পরিবেশ দূষণের মতো সমস্যাগুলো বিশ্ববাসীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বৃক্ষরোপণ এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যকে সামনে রেখেই মাতৃভূমি সামাজিক সংস্থা দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতৃভূমি সামাজিক সংস্থার সহ-সভাপতি শঙ্কর ভট্টাচার্য, সম্পাদক অসুক কুমার দাস, কোষাধ্যক্ষ বাপ্পা পাল, ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মনসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ধলাই নরসিংহপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, শিক্ষক উদিতকুমার হাজাম এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *