বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলার সোনাই, বড়খলা, উধারবন্দ এবং কাটিগড়া বিধানসভা কেন্দ্রে এসইউসিআই (কমিউনিস্ট) মনোনীত প্রার্থীদের সমর্থনে বিভিন্ন জনবহুল এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। দলীয় প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে এই সভাগুলোতে বর্তমান জ্বলন্ত সমস্যা ও জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে সরব হন বক্তারা।
সোনাই বিধানসভা কেন্দ্রের প্রার্থী অঞ্জনকুমার চন্দ-এর সমর্থনে শুক্রবার নাগাটিলা বাজার ও বেরেঙ্গায় পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রামকুমার বাগতি, প্রার্থী অঞ্জনকুমার চন্দ, রাজকুমার বাগঠি, আপনলাল দাস ও খাদেজা বেগম লস্কর। বক্তারা সাধারণ মানুষের অধিকার রক্ষায় এসইউসিআই(কমিউনিস্ট)দলকে শক্তিশালী করার আবেদন জানান।
বড়খলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী শম্পা দে-এর সমর্থনে দুর্গাপল্লী, শিলকুড়ি ও দরগাকোনায় পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক অজয় রায়, প্রার্থী শম্পা দে এবং পরিতোষ ভট্টাচার্য। তাঁরা বর্তমান সামাজিক ও অর্থনৈতিক সংকটের বিকল্প হিসেবে বামপন্থী আন্দোলনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
কাটিগড়ার আমতলা বাজারে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন প্রার্থী হিল্লোল ভট্টাচার্য, বিহার রাজ্যের দলের অন্যতম নেতা চন্দ্রশেখর রাই এবং প্রেমানন্দ দাস। তাঁরা হাওর অঞ্চলের স্থানীয় মানুষের সমস্যা সমাধানে বিশেষ অর্থনৈতিক পেকেজ ঘোষণার জন্য ভবিষ্যতে দলের পক্ষ তীব্র আন্দোলন শুরু করা হবে বলে জানান। তাছাড়া মূল্যবৃদ্ধি বেকার সমস্যা সমাধানে তীব্র আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
উধারবন্দ বিধানসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ কুমার রী-এর সমর্থনে ঠালিগ্রাম ও শালগঙ্গা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এই সভাগুলোতে বক্তা হিসেবে উপস্থিত জেলা কমিটির সদস্য দুলালী গাঙ্গুলী, নকুলরঞ্জন পাল এবং প্রার্থী দিলীপকুমার রী।
প্রতিটি সভাতেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। দলীয় নেতৃত্ব দাবি করেছেন যে, শোষিত মানুষের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে এই চার কেন্দ্রেই এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থীরা জনগণের ব্যপক সমর্থন লাভ করছেন।



