বরাক তরঙ্গ, ২ মার্চ : নির্বাচনের প্রাক্কালে জনতার আশীর্বাদ কামনা করে রাজ্যজুড়ে ‘জন আশীর্বাদ যাত্রা’ শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। এই যাত্রার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং তাঁদের আশীর্বাদ গ্রহণ করছেন দলের শীর্ষ নেতারা। এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রীর এই যাত্রাকালীন গহপুরে সোমবার এক মানবিক দৃশ্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। গাড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন উপস্থিত জনতাকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছিলেন, তখন বহু মানুষ তাঁর সঙ্গে করমর্দন করার জন্য এগিয়ে আসেন। এই সময় এক কিশোর মুখ্যমন্ত্রীর সঙ্গে করমর্দন করতে গিয়ে তাঁর হাতের ঘড়ির প্রশংসা করে বলে, “মামা, আপনার ঘড়িটা খুব ভালো লাগছে।” কিশোরের এই সরল মন্তব্যে আবেগাপ্লুত হয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে নিজের হাতের ঘড়ি খুলে তাকে উপহার দেন। মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই অমূল্য উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে কিশোরটি।

মুখ্যমন্ত্রীর উপহার দেওয়া ঘড়িটি নিয়ে পরবর্তীতে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। জানা গেছে, তিনি হাতে পরেছিলেন সুইস ঘড়ি নির্মাতা সংস্থা Rado-র ‘Rado Coupole Classic Automatic Power Reserve’ মডেলের ঘড়ি। ইন্টারনেটে উপলভ্য তথ্য অনুযায়ী, এই ঘড়িটির বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৭৭ হাজার ৩০০ টাকা থেকে ১ লক্ষ ৯৭ হাজার ৩০০ টাকার মধ্যে। মুখ্যমন্ত্রীর এই আচরণে উপস্থিত জনতার মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় এবং অনেকেই তাঁর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।



