মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : ইসলামি জ্ঞানচর্চা, সাহিত্য ও সমাজ সচেতনতার এক অনন্য মিলনক্ষেত্র হয়ে উঠল বদরপুরের খতমে বোখারির মঞ্চ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জ্ঞানসমৃদ্ধ পরিবেশে, উত্তর-পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামীরের বার্ষিক সম্মেলনের পবিত্র ক্ষণে উন্মোচিত হল বিশিষ্ট আলেম ও সাহিত্যিক মুফতি রশিদ আহমদ কাসিমির নবম গ্রন্থ ‘মহিলাদের মাসাইল’ যা মুসলিম নারীদের দৈনন্দিন জীবনচর্চায় দিকনির্দেশক এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করল।রবিবার বদরপুরে উত্তর-পূর্ব ভারত এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামিরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো তাদের বার্ষিক সম্মেলন ও খতমে বোখারি অনুষ্ঠান। ধর্মীয় ভাবগাম্ভীর্য, জ্ঞানচর্চা ও দোয়া-মুনাজাতের মধ্য দিয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো বিশিষ্ট লেখক, গবেষক ও সাহিত্যিক মুফতি রশিদ আহমদ কাসিমির রচিত নবম গ্রন্থ ‘মহিলাদের মাসাইল’।
খতমে বোখারির পবিত্র ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশে সন্ধ্যাবেলায় উপস্থিত উলামা-মাশায়েখ, আলেম সমাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় পুরো অনুষ্ঠানস্থলে এক অনন্য ধর্মীয় আবহ বিরাজ করে।উল্লেখ্য, দৈনিক নববার্তা প্রসঙ্গ-এর সহ-সম্পাদক মুফতি রশিদ আহমদ কাসিমি এ পর্যন্ত মোট নয়টি গ্রন্থ রচনা করেছেন। তাঁর প্রতিটি বই পাঠক সমাজে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে এবং দ্বীনি ও সাহিত্যাঙ্গনে বিশেষ মর্যাদা লাভ করেছে।বই উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নদওয়াতুত তামীরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাঝারভূইয়া তরুণ লেখক মুফতি রশিদ আহমদ কাসিমীর সাহিত্য ও গবেষণামূলক অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মুফতি রশিদ কাসিমি আজকের প্রজন্মের একজন দায়িত্বশীল, নিষ্ঠাবান ও চিন্তাশীল লেখক। তাঁর সাহিত্যকর্ম শুধু পাঠকপ্রিয় নয়, বরং সমাজ ও উম্মাহর জন্য দিকনির্দেশনামূলক।তিনি আরও উল্লেখ করেন যে, মুফতি রশিদ কাসিমি ইতিপূর্বে এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামীরের পক্ষ থেকে ‘লেখক সম্মাননা’ এবং ‘নেদায়ে দ্বীন অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন। নতুন প্রকাশিত মহিলাদের মাসাইল গ্রন্থটির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি উপস্থিত সবাইকে বইটি পাঠ করার জন্য বিশেষভাবে আহ্বান জানান। প্রসঙ্গত, মুফতি রশিদ আহমদ কাসিমির রচিত অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে অনন্য জীবন, ইসলামি কুইজ সম্ভার, আকাবিরে আলজামিয়া, নদওয়া ও এমারতের ইতিবৃত্ত, প্রাইমারি দ্বীনি কুইজ, মনীষীগণের চোখে দুই আমিরে শরিয়ত প্রভৃতি। নিজের নতুন বই সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে লেখক মুফতি রশিদ আহমদ কাসিমি বলেন, মহিলাদের মাসাইল’ বইটি মুসলিম মহিলাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি গ্রন্থ। কারণ, এতে মুসলিম নারীদের দৈনন্দিন জীবনসংক্রান্ত নিত্যপ্রয়োজনীয় মাসয়ালা-মাসাইল সহজ, সরল ও প্রামাণ্য ভাষায় উপস্থাপন করা হয়েছে, যাতে সাধারণ পাঠকরাও সহজেই উপকৃত হতে পারেন।”
বইটিতে গুরুত্বপূর্ণ অভিমত ও মূল্যবান মতামত প্রদান করেছেন উত্তর-পূর্ব ভারতের আমিরে শরিয়ত মওলানা ইউসুফ আলি, দারুল উলুম বাঁশকান্দির শায়খুল হাদিস মওলানা আলিম উদ্দিন, এবং বিশিষ্ট বক্তা ও করিমগঞ্জ জেলা নদওয়ার সভাপতি মুফতি আব্দুল বাসিত কাসিমী।
উল্লেখযোগ্য এই গ্রন্থটি প্রকাশ করেছে বদরপুরের স্বনামধন্য প্রকাশনা সংস্থা রাহনুমা বুক কালেকশন। ধর্মীয় শিক্ষা ও সমাজ সচেতনতার ক্ষেত্রে বইটি মুসলিম সমাজে বিশেষ অবদান রাখবে বলে উপস্থিত আলেম ও সুধীজনেরা আশা প্রকাশ করেন।



