বরাক তরঙ্গ, ২৯ মার্চ : রবিবার শিলকুড়ির বরমবাবা মন্দির প্রাঙ্গণে এক ধর্মীয় আবহে বিষ্ণু যজ্ঞের আয়োজন করা হয়। বড়খলা বিধানসভার কংগ্রেস মনোনীত প্রার্থী ডাঃ অমিতকুমার কালোয়ারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি প্রথমে মন্দিরে ভক্তিভরে পূজা-অর্চনা করেন এবং পরে মহাযজ্ঞে অংশগ্রহণ করেন। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে মোট ১১ জন পুরোহিত যজ্ঞ সম্পন্ন করেন। সকাল প্রায় ১০টা থেকে শুরু হওয়া এই ধর্মীয় অনুষ্ঠান বিকেল পর্যন্ত চলে। পাশাপাশি উপস্থিত ভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়, যেখানে বহু মানুষের সমাগম লক্ষ্য করা যায়।
এই উপলক্ষে বড়খলা বিধানসভার জনগণসহ সমগ্র বিশ্বের মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা জানান তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত কালোয়ার বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি জনগণের আশীর্বাদ কামনা করছেন। তাঁকে জয়ী করে বড়খলার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার সুযোগ দেওয়ার জন্য তিনি সকলের কাছে আহ্বান জানান।



