বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ বড়খলাস্থিত রাজা গোবিন্দ চন্দ্র মেমোরিয়াল এইচএস স্কুলে একটি ‘মেরিট টেস্ট প্রতিযোগিতা’ আয়োজন করে। অষ্টম ও নবম শ্রেণির প্রায় ২০০ জন ছাত্রছাত্রী অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল বিভিন্ন বিষয়, নানা ক্ষেত্র এবং সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক জ্ঞান অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে। প্রকল্প চেয়ারপার্সন শিবু দাস ও কো-অর্ডিনেটর প্রশান্ত ভট্টাচার্য সক্রিয়ভাবে সমগ্র অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন ক্লাব ভ্যালি ভিউ-এর সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, যিনি শিক্ষার্থীদের পাঠ্যসূচির বাইরেও জ্ঞানার্জন এবং সমসাময়িক বিষয় সম্পর্কে আপডেট থাকার জন্য উৎসাহিত করেন। বিদ্যালয়ের অধ্যক্ষ রূপককান্তি পাল তরুণ শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ গ্রহণের জন্য ক্লাব ভ্যালি ভিউ-এর ভূয়সী প্রশংসা করেন। গাইডিং লায়ন সঞ্জীব রায় সফলভাবে অনুষ্ঠানটি আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অভিজিৎ দাস, পল্লবী পাল, রাজা দাস প্রমুখ।

আগামী ১৭ জানুয়ারি এই ‘মেধা পরিক্ষার’ ফলাফল প্রকাশ করা হবে এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হবে। সঙ্গে আরও সাতজনকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে। আগামী দিনগুলিতে বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ।



