বামনেতা রফিক আহমদ প্রয়াত

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ মার্চ : শিলচরের বিশিষ্ট শ্রমিক-কর্মচারী নেতা এবং সিপিআই-এর কাছাড় জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য রফিক আহমদ আর নেই। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। পরিবার সূত্রে জানা গেছে, গত দু’দিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সঙ্কটজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শিলচরসহ বরাক উপত্যকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা আল নিসা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রফিক আহমদ ছাত্রজীবন থেকেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭২ সালে এফএফআই-এর সদস্য হিসেবে ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন। পরবর্তীতে সিপিএম-এর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন গণআন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দেন। জরুরি অবস্থার সময় তাঁকে কারাবরণও করতে হয়। পরে তিনি ইউসুফ আহমদসহ আরও কয়েকজনের সঙ্গে সিপিএম ত্যাগ করে সিপিআই-তে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিপিআই-এর কাছাড় জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

শ্রমিক আন্দোলনের ক্ষেত্রেও তাঁর অবদান উল্লেখযোগ্য। সিপিআই-এর শ্রমিক সংগঠন এআইটিইউসি-র সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকে নেতৃত্ব দিয়েছেন। এআইটিইউসি-অনুমোদিত মজদুর ইউনিয়নের সভাপতিও ছিলেন তিনি। নিজ দলের গণ্ডি ছাড়িয়ে শিলচর ও বরাক উপত্যকার বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন রফিক আহমদ। তাঁর মৃত্যুতে শ্রমিক আন্দোলন ও রাজনৈতিক মহলে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *