ধলাইতে ৫৬ কোটি টাকার ১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন বিধায়ক নীহাররঞ্জনের

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ মার্চ : ধলাই বিধানসভা এলাকায় উন্নয়নের গতি ত্বরান্বিত করতে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার দিনভর ধলাই-নরসিংপুর, পালংঘাট এবং বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিজের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল ও পূর্ত বিভাগের অর্থে মোট ১৫টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন ধলাইয়ের বিধায়ক নীহার রঞ্জন দাস। পাশাপাশি গুয়াহাটি থেকে আসামমালা প্রকল্পের অধীনে ধোয়ারবন্দ–বিলাইপুর সড়কের ভার্চুয়াল শিলান্যাস করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব মিলিয়ে প্রকল্পগুলিতে প্রায় ৫৬ কোটি টাকা ব্যয় হবে বলে জানা গেছে।

দিনের সূচনায় বিধায়ক নীহাররঞ্জন দাস নিজের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ৫ লক্ষ টাকা ব্যয়ে পানিভরা সরস্বতী বিদ্যানিকেতনে স্কুল ভবনের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে পূর্ত বিভাগের অনুমোদিত অর্থে মুখ্যমন্ত্রীর পকিপথ নির্মাণ প্রকল্পের অধীনে একাধিক সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করেন।

পালংঘাট ব্লকে এদিন ৩ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে আনন্দখাল স্বাস্থ্য উপকেন্দ্র থেকে আনন্দখাল ফরেস্ট ভিলেজ সুকুমার মাঝির বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ, ১ কোটি ২৭ লক্ষ টাকায় নতুনবস্তিতে পিন্টু পালের বাড়ি থেকে মধু গৌড়ের বাড়ি পর্যন্ত রাস্তা, ৮৭ লক্ষ টাকায় জিনথান কালীবাড়ি থেকে দক্ষিণ বড়াইবস্তি এলপি স্কুল পর্যন্ত রাস্তা এবং ১ কোটি ২৯ লক্ষ টাকায় হরিণাবস্তি হাসপাতাল থেকে বনতারাপুর চূণীলাল সিংহের বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের শিলান্যাস করা হয়। এছাড়া ১ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে পূর্ব রুকনি জিপির এসএমডি রোড থেকে জামালপার পর্যন্ত পিডব্লিউডি সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়।

ধলাই–নরসিংহপুর উন্নয়ন খণ্ডে এদিন ১ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যারতনপুর থেকে নারাইনপুর পর্যন্ত পিডব্লিউডি সড়ক নির্মাণ, ১ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে ডুপি স্কুল থেকে ধলাই লায়লাপুর রোড পর্যন্ত সড়ক নির্মাণ এবং ১ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যয়ে এনএইচ–৩০৬ থেকে ফ্রেঞ্চনগর হয়ে হাওয়াইথাং বাজার পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক।

অন্যদিকে, বড়জালেঙ্গা ব্লকেও একাধিক সড়ক নির্মাণ প্রকল্পের সূচনা করা হয়। এর মধ্যে রয়েছে ১ কোটি ২১ লক্ষ টাকা ব্যয়ে বড়জালেঙ্গা জিপির পিডিবি রোড থেকে বাহাদুরটিলা কালীমন্দির পর্যন্ত সড়ক নির্মাণ, ১ কোটি ৫ লক্ষ টাকায় এলেনপুর থেকে তারানাথপুর পর্যন্ত সড়ক, ৮৯ লক্ষ টাকায় বাগবাহার বিবেকানন্দ এলপি স্কুল থেকে শিবথল পর্যন্ত রাস্তা, ৯১ লক্ষ টাকায় দার্বি জিপির পিডিবি রোড থেকে বিলানী পর্যন্ত সড়ক, ১ কোটি ২৫ লক্ষ টাকায় যোগীরবন্দে দিলীপ সূত্রধরের বাড়ি থেকে সত্যবান সাবরের বাড়ি পর্যন্ত রাস্তা এবং ১ কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয়ে পিডিবি রোড থেকে ক্লেভারহাউস গৌরাঙ্গথান পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প।

এদিকে, গুয়াহাটি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধোয়ারবন্দ–বিলাইপুর ১০ কিলোমিটার দীর্ঘ আসামমালা সড়ক প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস করেন। এই প্রকল্পের জন্য প্রায় ৩৭ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী পীযূষ হাজরিকা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে বিভিন্ন স্থানে শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক নীহাররঞ্জন দাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই–নরসিংপুর জেলা পরিষদ সদস্যা পম্পী নাথ চৌধুরী, ধর্মেন্দ্র তেওয়ারি, বিজেপি জেলা সম্পাদক পরেশ তাঁতি, সীতাংশু দাস, রাহুল ভট্টাচার্য, নির্মল কান্তি দাশ, সঞ্জয় কৈরী, রুক্ষিণী কুমার সিনহা, পৃথীশ চন্দ্র দাস, অপূর্ব দাশ, স্বপন কুমার দাস, অজয়কৃষ্ণ দেব, দীপক রায় সহ বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি এবং বিজেপির বহু নেতা–কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *