দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ মার্চ : শিলচর-হাইলাকান্দি সড়কের এনএস এভিনিউ পয়েন্ট থেকে চিরুকান্দি রোড পর্যন্ত আরসিসি ড্রেন ও বক্স কালভার্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর শনিবার স্থাপিত হয়েছে। প্রায় ৫৫৪.৭৮ লক্ষ টাকা ব্যয়ে এই উন্নয়নমূলক প্রকল্পটি বাস্তবায়িত হবে। আনুষ্ঠানিক অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, পূর্ত বিভাগের এসডিও মোহিতরঞ্জন দাস, বীরেশ ব্যানার্জি, প্রাক্তন ওয়ার্ড কমিশনার অসীম দাস, দুলাল দাস, কাজল রায়, পুলক দাস, সন্ধ্যা আচার্য, দেবপ্রিয় দেবসহ অন্যান্য।অসম সরকারের পাবলিক ওয়ার্কস (রোডস) বিভাগের অধীনে এসওপিডি-জি ২০২৪–২৫ অর্থবর্ষে গৃহীত প্রকল্পটির বাস্তবায়নের দায়িত্ব পিডাব্লিউডি শিলচর ও উদারবন্দ টেরিটোরিয়াল রোড ডিভিশনের। পরিকল্পনায় আরসিসি ড্রেন, ৫.০০ মিটার × ৫.০০ মিটার আকারের দুটি বক্স কালভার্ট ও অ্যাপ্রোচ সড়ক নির্মাণ অন্তর্ভুক্ত।
সাংসদ কণাদ পুরকায়স্থ বলেন, “এলাকার জলনিকাশী উন্নতি ও বর্ষাকালীন জলাবদ্ধতা দূর করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ। নিউ শিলচরে প্রতি বছর কৃত্রিম বন্যা হয়। কংগ্রেস আমলে উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়িত হয়নি।” তিনি বরাক-ব্রহ্মপুত্র উপত্যকার সমান উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন।বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, “শহরের জলনিকাশী উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে।” বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহা উল্লেখ করেন, “দীর্ঘদিনের ড্রেনেজ উন্নয়নের দাবি বিধায়কের প্রচেষ্টা ও রাজ্য সরকারের সহযোগিতায় পূরণ হচ্ছে। কংগ্রেস আমলে উল্লেখযোগ্য কাজ হয়নি। শিলচর ফ্লাইওভারের শিলান্যাস শীঘ্রই প্রধানমন্ত্রীর হাত ধরে হবে।”



