পাথারকান্দিতে সাড়ম্বরে সূচনা ‘অরুণোদয় ৩.০’ কৃষ্ণেন্দু পালের

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১০ মার্চ : অসম সরকারের উচ্চাভিলাষী জনকল্যাণমূলক প্রকল্প ‘অরুণোদয় ৩.০’-এর সূচনায় উৎসবের আবহ দেখা গেল পাথারকান্দিতে। হাজার হাজার মহিলার উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে হিতাধিকারীদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তবে উন্নয়নমূলক এই মঞ্চ থেকেই প্রাক্তন বিধায়ক মণিলাল গোয়ালা ও কার্তিক সেনা সিনহাকে তীব্র ভাষায় আক্রমণ করে রাজনৈতিক উত্তাপও বাড়ান তিনি। মঙ্গলবার শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের কানাইনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানাইলাল জিউ হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এক বৃহৎ অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির স্থানীয় পর্যায়ের সূচনা করা হয়। সকাল থেকেই বিভিন্ন পঞ্চায়েত এলাকার হাজার হাজার মহিলা হিতাধিকারী অনুষ্ঠানে সমবেত হন। মঞ্চসজ্জা, ব্যানার-পোস্টার এবং সাংস্কৃতিক পরিবেশে গোটা অনুষ্ঠানস্থলে উৎসবের আবহ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে গুয়াহাটিতে আয়োজিত রাজ্যব্যাপী মূল উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার বড় পর্দায় প্রদর্শন করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ‘অরুণোদয় ৩.০’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন।

এরপর মূল সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি বিগত সরকারের সময়কার উন্নয়নহীনতার তীব্র সমালোচনা করেন। বক্তব্যে সরাসরি প্রাক্তন বিধায়ক মণিলাল গোয়ালা ও কার্তিক সেনা সিনহার নাম উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও যারা এলাকার মানুষের উন্নয়নের জন্য উল্লেখযোগ্য কিছু করতে পারেননি, আজ তারাই বড় বড় কথা বলছেন।

মন্ত্রী দাবি করেন, বর্তমান বিজেপি সরকারের আমলেই পাথারকান্দিতে প্রকৃত উন্নয়নের ধারা শুরু হয়েছে। তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে বহু যোগ্য হিতাধিকারী বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হতেন এবং স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব প্রকল্প বণ্টনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াত। কিন্তু বর্তমান সরকারের আমলে সেই সংস্কৃতির অবসান ঘটেছে এবং এখন কোনো রাজনৈতিক ভেদাভেদ ছাড়াই সরাসরি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের ২৪টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৩৫ হাজারেরও বেশি মহিলা ‘অরুণোদয় ৩.০’ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁর মতে, এই প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয়, বরং দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি আশা প্রকাশ করেন, প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাওয়ার ফলে হাজার হাজার পরিবারের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। বক্তব্যে তিনি রাস্তাঘাট নির্মাণ, শিক্ষা অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন এবং ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত কয়েক হাজার মহিলা হিতাধিকারীর চোখেমুখে ছিল প্রাপ্তির আনন্দ। অনেকেই রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে স্থানীয় জিপির জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক, দলীয় কর্মী-সমর্থক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সমগ্র অনুষ্ঠান সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *