মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৮ জুন : অসম মন্ত্রিসভার সম্প্রসারণের পর গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পেয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন পাথারকান্দির তিনবারের বিধায়ক তথা নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাঁর হাতে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব অর্পণের খবর প্রকাশ্যে আসতেই বিজেপি নেতা-কর্মী, সমর্থক এবং বরাক উপত্যকার বিভিন্ন মহলে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় কৃষ্ণেন্দু পাল বলেন, মুখ্যমন্ত্রী তাঁর ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা তিনি যথাযথভাবে রক্ষা করার সর্বাত্মক চেষ্টা করবেন। নতুন দায়িত্বের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং রাজ্যের সামগ্রিক উন্নয়নে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “এই দায়িত্ব শুধু আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং শ্রীভূমি জেলা ও সমগ্র বরাক উপত্যকার মানুষের প্রতি সরকারের বিশ্বাস ও আস্থার প্রতিফলন। জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং উন্নয়নকে ত্বরান্বিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
এদিকে, কৃষ্ণেন্দু পালের মন্ত্রিত্ব লাভের খবরে পাথারকান্দি, শ্রীভূমি জেলা এবং বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় উচ্ছ্বাস দেখা গেছে। বিজেপি নেতৃত্ব একে বরাক উপত্যকার জন্য গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংগঠন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসা কৃষ্ণেন্দু পালের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে ব্যবসায়ী, শিক্ষক, সমাজসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, কৃষ্ণেন্দু পালের মন্ত্রিত্ব বরাক উপত্যকার উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করবে। ফলে নতুন দায়িত্বে তাঁর কার্যক্রমের দিকেই এখন তাকিয়ে রয়েছে সমগ্র বরাক উপত্যকা।



