কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিলচর আঞ্চলিক কেন্দ্র-ভিত্তিক শিক্ষার্থী সম্মেলন

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১ মার্চ : রবিবার গুরুচরণ বিশ্ববিদ্যালয়-এর অডিটোরিয়ামে কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয় (KKHSOU)-এর শিলচর আঞ্চলিক কেন্দ্রভিত্তিক শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের KKHSOU অধ্যয়নকেন্দ্রের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন KKHSOU-এর উপাচার্য অধ্যাপক রাজেন্দ্রপ্রসাদ দাস, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রার (স্টাডি সেন্টার) বিরিঞ্চিকুমার বরা, ডিন (স্টাডি সেন্টার) ড. প্রণব শইকিয়া, এডমিশন কমিটির চেয়ারম্যান ড. রিদিপ দেব চৌধুরী, অ্যাকাডেমিক রেজিস্ট্রার ড. অভিজিৎ নাথ, শিলচর আঞ্চলিক কেন্দ্রের ডিরেক্টর অমর ঘোষ প্রমুখ। বিভিন্ন অধ্যয়ন কেন্দ্রের প্রধান ও সমন্বয়করাও উপস্থিত ছিলেন।
শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়।

শিলচর আঞ্চলিক কেন্দ্রের ডিরেক্টর অমর ঘোষ জানান, শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং মুক্ত শিক্ষা ব্যবস্থার সুবিধা-অসুবিধা জানতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। স্বাগত ভাষণে অধ্যাপক নিরঞ্জন রায় মুক্ত ও দূরশিক্ষার গুরুত্ব তুলে ধরেন। উপাচার্য অধ্যাপক রাজেন্দ্রপ্রসাদ দাস বলেন, ২০০৫ সালের আইনে প্রতিষ্ঠিত KKHSOU উত্তর-পূর্ব ভারতের একমাত্র রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে উচ্চশিক্ষার গণতন্ত্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডিন ড. প্রণব শইকিয়া জানান, শ্রীকোণায় আইটিআই ও মিনি সচিবালয়ের মাঝখানে শিলচর আঞ্চলিক কেন্দ্রের জন্য জমি বরাদ্দ হয়েছে এবং শীঘ্রই ভবন নির্মাণের কাজ শুরু হবে। জানুয়ারি ২০২৬ সেশনের ভর্তি প্রক্রিয়া আগামী ২৫ মার্চ পর্যন্ত চলবে বলেও তিনি উল্লেখ করেন।অ্যাডমিশন কমিটির চেয়ারম্যান ড. রিদিপ দেব চৌধুরী জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১২টি স্নাতক, ১৮টি স্নাতকোত্তর এবং একাধিক ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স চালু রয়েছে। নতুন জাতীয় শিক্ষানীতির আওতায় একসঙ্গে দুটি কোর্স করার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শেষে শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা পর্বে পাঠ্যক্রম ও প্রশাসনিক বিষয়ে মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ভাবগম্ভীর পরিবেশে শিক্ষার্থী-বান্ধব এই সম্মেলনের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *