বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১ এপ্রিল : বড়খলা বিধানসভা আসনে বিজেপির মনোনীত প্রার্থী কিশোর নাথকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল অডিওকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে স্পষ্ট প্রতিক্রিয়া জানিয়েছেন স্বয়ং প্রার্থী।
বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কিশোর নাথ দাবি করেন, ভাইরাল হওয়া অডিওটি প্রায় পাঁচ বছর আগের এবং সেটিকে বিকৃত করে বর্তমানে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, বিরোধীরা পরিকল্পিতভাবে এই ধরনের প্রচার চালিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, “বিরোধীরা পরাজয়ের আশঙ্কায় এই অপপ্রচার চালাচ্ছে। জনগণের সমর্থন আমাদের পক্ষেই রয়েছে, ফলে এই বিভ্রান্তিমূলক প্রচেষ্টা কোনো প্রভাব ফেলবে না।”
এছাড়াও নির্দল প্রার্থী অমলেন্দু দাসকে কটাক্ষ করে তিনি বলেন, “তিনি ইতিমধ্যেই নিজের সামাজিক ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। বড়খলা আসনে নির্দল প্রার্থী কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারবেন না।”
এদিকে নির্বাচনী প্রচার আরও জোরদার করতে আগামী ৩ এপ্রিল শিলকুড়িতে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার একটি জনসভার আয়োজন করা হয়েছে বলে জানান কিশোর নাথ। এই সভাকে ঘিরে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।



