বাজেটের আগেই খিলি পান, গুটকা ও সিগারেটের দামে ঊর্ধ্বগতি

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেট পেশের আগেই বাজারে খিলি পান, পানমশলা, জর্দা ও সিগারেটের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। শুধু তাই নয়, নিষিদ্ধ গুটকার দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। জেলার বিভিন্ন প্রান্তে প্রথমে কিছু দোকানে খিলি পানের দাম বাড়লেও অনেক দোকানি তখনও পুরনো দামে বিক্রি করছিল। তবে গত দু’দিনে প্রায় সব দোকানেই একই হারে দাম বৃদ্ধি কার্যকর হয়েছে।

বর্তমানে বাংলা পাতা পান ও ১২০ বাবা জর্দা দিয়ে তৈরি খিলি পানের দাম নির্ধারিত হয়েছে ১৫ টাকা, আর মিঠাপাতা পান দিয়ে বিক্রি হচ্ছে ২০ টাকায়। ফলে প্রতিটি পানে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত দাম বেড়েছে। একইভাবে গুটকার দামেও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

এক দোকানির মতে, ১০০টি বাংলা পানের দাম এখন ৪০০ থেকে ৫০০ টাকা, আর মিঠাপাতা পানের ক্ষেত্রে ১০০টির দাম ২৫০০ থেকে ২৭০০ টাকার মধ্যে। বাবা কোম্পানির ২০০ গ্রাম ওজনের ১২০ জর্দার দাম আগে ছিল ২৭০০ টাকা, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩০০০ টাকায়। পাশাপাশি অন্যান্য মশলার দামও বেড়েছে। গুটকার ক্ষেত্রে ৩৬টি থাকা এক প্যাকেটে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান। দোকানিদের দাবি, উৎপাদন ও সরবরাহ খরচ বাড়ার কারণেই এই মূল্যবৃদ্ধি অনিবার্য হয়ে উঠেছে। তবে বাজেটের আগেই এমন দাম বৃদ্ধি সাধারণ ক্রেতাদের জন্য নতুন চাপ তৈরি করেছে বলে মত সচেতন মহলের। দাম বৃদ্ধির কারণে ভোক্তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *