বরাক তরঙ্গ, ৩০ মার্চ : পালংঘাট মণ্ডলের মণিয়ারখাল চা-বাগানে আয়োজিত ‘বিজয় সংকল্প সমাবেশ’কে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়। তাঁর উপস্থিতিতে কর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সঞ্চার হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, ধলাই সমজেলাকে উন্নয়নের শীর্ষে পৌঁছে দিতে সরকার একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে। পাশাপাশি যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি চালু করার কথাও তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্য খাতের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রত্যেক মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে আধুনিকীকরণ করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়নের জন্য নতুন উদ্যোগ গ্রহণের কথাও তিনি ঘোষণা করেন, যাতে ছাত্রছাত্রীরা উন্নত শিক্ষার সুযোগ পায়।

মন্ত্রী আরও বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ইতিমধ্যেই সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। তিনি এই প্রকল্পগুলির সাফল্য তুলে ধরে আগামী দিনেও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশেষ করে যুবসমাজের কর্মসংস্থান ও নারীদের ক্ষমতায়নের ওপর গুরুত্ব আরোপ করে কৌশিক রায় আত্মনির্ভর ধলাই গড়ে তোলার লক্ষ্যের কথা তুলে ধরেন।



