বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি বরাক উপত্যকায় ব্যাপক প্রচার অভিযান শুরু করেছে। রবিবার সকাল ৮টা ৩০ মিনিটে শিলচর টাউন ক্লাব ময়দানে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় সহ বিজেপির বিধায়ক ও রাজ্যসভা সাংসদ কণাদ পুরকায়স্থ ৯টি ভিডিও ভ্যানের আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ করেন। মোট ১০৩টি ভিডিও ভ্যানের মধ্যে ৯৪টি গুয়াহাটি থেকে রাজ্য বিজেপি পাঠিয়েছে, যা গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্য নেতৃত্ব ফ্ল্যাগ অফ করেন। এই ভিডিও ভ্যানগুলো প্রত্যেক বিধানসভা কেন্দ্রের বাজার-হাটসহ বিভিন্ন স্থানে প্রচারের জন্য ব্যবহার করা হবে।

মন্ত্রী কৌশিক রায় জানান, এগুলোর মাধ্যমে জনগণের মতামত সংগ্রহ করে সংকল্পপত্র প্রস্তুত করা হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারের উন্নয়নমূলক কাজের কৃতিত্ব তুলে ধরা হবে। সভায় জেলা সভাপতি রূপম সাহা, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নীহাররঞ্জন দাস, মিহিরকান্তি সোম, প্রাক্তন সাংসদ ডাঃ রাজদীপ রায়, জেলা পরিষদ চেয়ারম্যান কঙ্কণনারায়ণ শিকদার, বাসুদেব শর্মাসহ অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সবাইকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপাল রায়।



