কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বিজেপি ও মুখ্যমন্ত্রীর প্রতি সমর্থন, বিভ্রান্তিকারীদের বিরুদ্ধে অবস্থান

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ মার্চ : কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বিজেপির সঙ্গেই থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে এবং বিভ্রান্তি ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে।

ধলাই বিধানসভা আসনে বিজেপির টিকিট না পাওয়া প্রসঙ্গে নীহাররঞ্জন দাসের বিষয়টি তুলে ধরে ফাউন্ডেশন জানায়, মুখ্যমন্ত্রীর স্মারকপত্রে উত্থাপিত বক্তব্যের সঙ্গে তাঁরা একমত নয়। সংগঠনের সভাপতি সজলকান্তি দাস বলেন, গত নির্বাচনে নীহাররঞ্জন দাস টিকিট পেয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী অমিয়কান্তি দাসকে “পরেরবার” টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা হাইকমান্ডের নির্দেশে এবার কার্যকর হয়েছে।

তিনি আরও জানান, নীহাররঞ্জন দাসের মান-অভিমান দূর করতে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, কৌশিক রায় এবং জেলা সভাপতি রূপম সাহা তাঁর বাসভবনে গিয়ে আলোচনা করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজেও ফোনে কথা বলে দলীয় স্বার্থে কাজ করার আহ্বান জানান।
সজলকান্তি দাস বলেন, বিজেপি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভারসাম্য বজায় রাখে। শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যসহ অন্যান্য সম্প্রদায়ের প্রতিনিধিরাও ভবিষ্যতে টিকিট পাবেন বলে তিনি আশাবাদী।

তিনি দাবি করেন, কৈবর্ত সম্প্রদায়ের ৯০ শতাংশেরও বেশি মানুষ বিজেপিকে সমর্থন করে এবং সরকারি বিভিন্ন সুবিধা ভোগ করছে। এই অবস্থার পরিবর্তন হলে সেই সুবিধা হুমকির মুখে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, বিভ্রান্তি সৃষ্টিকারীদের থেকে দূরে থেকে তারা বিজেপি ও মুখ্যমন্ত্রীর সঙ্গেই আছে এবং আগামীতেও থাকবে। দলের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট বলেও উল্লেখ করা হয়। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাগর দাস, সম্পাদক অজিত দাসসহ অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *