বাড়ি ফেরার পথে দুষ্কৃতির হামলার শিকার সাংবাদিক, চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হন ত্রিপুরার বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি প্রভাত ঘোষ (৪৮)। ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ ঘটেছে। এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, প্রতিদিনের মতোই কাজ সেরে বাড়ি ফিরছিলেন প্রভাত ঘোষ। সেই সময় পথেই আচমকা তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। স্থানীয়দের সহায়তায় গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে, যদিও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অভিযোগের তীর উঠেছে কলমচৌড়া বড়মুড়া এলাকার বাসিন্দা মানিক দাসের বিরুদ্ধে। আক্রান্ত প্রভাত ঘোষের দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইস্যুতে তাঁকে হুমকি দিয়ে আসছিল মানিক দাস। স্থানীয় সূত্রের মতে, অভিযুক্ত ব্যক্তি এলাকায় গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত এবং এই নিয়ে এলাকায় বহুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল।

এলাকাবাসীর একাংশ জানিয়েছেন, মানিক দাসকে তারা দীর্ঘদিন ধরেই “উশৃঙ্খল যুবক” হিসেবে চেনে এবং তাঁর বিরুদ্ধে আগেও নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি, কী কারণে এই হামলা তা খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *