বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও সংযুক্ত কিষান মোর্চার ডাকে এবং বিভিন্ন দাবি-দাওয়ার সমর্থনে দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে ধর্মঘটে শামিল হলেন বিদ্যুৎ কর্মী, ইঞ্জিনিয়ার ও পেনশনারদের সমন্বয় সমিতি। বিদ্যুৎ কর্মী ও ইঞ্জিনিয়ারদের রাষ্ট্রীয় সমন্বয় সমিতির আহ্বানে রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ দফতরে দিনব্যাপী ধরনা কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ কর্মী ও গ্রাহক বিরোধী বিদ্যুৎ সংশোধনী বিল ২০২৫ এবং জাতীয় বিদ্যুৎ নীতি ২০২৬ অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি উত্তরপ্রদেশে বিদ্যুৎ খাতে বেসরকারিকরণ প্রক্রিয়া বন্ধ, শ্রমিক-কর্মচারীদের মৌলিক অধিকার ক্ষুণ্ণকারী নতুন শ্রম কোড প্রত্যাহার, কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিতকরণ, চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ এবং অস্থায়ী কর্মীদের নিয়মিত করার দাবিও জোরালোভাবে তোলা হয়।
এই কর্মসূচির অংশ হিসেবে অসমের বিদ্যুৎ বিভাগের সমস্ত অফিস প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধরনা পালন করা হয়। কাছাড় সার্কলের মেহেরপুরস্থিত বিদ্যুৎ ভবন অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত ধরনা কর্মসূচিতে বক্তব্য রাখেন নির্মলকুমার দাস, বিশ্বজিৎ করসহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার তন্ময় বরা, চিফ এক্সিকিউটিভ অফিসার এজেড মোহাম্মদ সুলাইমান, কৃষ্ণেন্দু নাথ, অরিজিৎ দাস, বাপি দাস, যীশু নাথ, সন্তোষ রায়, দিব্যেন্দু দাস, বিজিত ভট্টাচার্য প্রমুখ।
এছাড়াও শিলচর বিদ্যুৎ বিভাগের পানপট্টি অফিস প্রাঙ্গণেও অনুরূপ ধরনা কর্মসূচি পালিত হয়। সেখানে বক্তব্য রাখেন চঞ্চল ভট্টাচার্য, তাপসরঞ্জন আয়ান, চিত্রভানু ভৌমিক, গৌরাঙ্গ বণিক। উপস্থিত ছিলেন অরূপ পাল, কল্লোল দেবরায়, মলয় ভট্টাচার্য, পিনাকপাণি হোম চৌধুরী, বিমল সিনহা প্রমুখ।



