প্রিমিয়ার ক্রিকেট থেকে ছিটকে গেল ইটখলা অ্যাথলেটিক ক্লাব

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : গত বছর আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপে রাজ্য পর্যায়ের খেতাব জিতেছিল শিলচরের ইটখলা অ্যাথলেটিক ক্লাব। এবার তারা শিলচর ডিএসএ পর্যায়ের আসর থেকেই ছিটকে গেল। সেমিফাইনালেই তাদের হারিয়ে দিল টাউন ক্লাব। দু’দিনের প্রথম সেমিফাইনালে ইটখলা এসির সঙ্গে ম্যাচ ড্র করে টাউন ক্লাব। তবে ঘরোয়া টেস্ট ম্যাচের নিয়ম অনুযায়ী প্রথম ইনিংস লিড থাকার সুবাদে ম্যাচটি জিতে যায় টাউন ক্লাব।

দু’দিনের ম্যাচের প্রথম দিন শনিবার টাউন ক্লাব ২৫৯ রান করে অলআউট হয়ে যায়। জবাবে স্টাম্প পর্যন্ত কোনও উইকেট না হারিয়ে ২৮ রান করে ইটখলা এসি। রবিবার দ্বিতীয় দিন তারা ১৯৯ রানে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসের ৬০ রানের গুরুত্বপূর্ণ লিড টাউন ক্লাবকে ফাইনালে পৌঁছে দেয়। দ্বিতীয় ইনিংসে টাউন ১৪ ওভারে ২ উইকেটে ৩৮ রান করার পর খেলা শেষ করে দেন দুই আম্পায়ার হারান দাস ও গোপীকান্ত সিনহা। টাউন ক্লাবের অধিনায়ক সমীর সিনহা ৩২ রানে ৫ উইকেট নেন। ২৭ জানুয়ারি থেকে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ইন্ডিয়া ক্লাব ও ইউনাইটেড ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *