২৮ ফেব্রুয়ারি : ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ইজরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০ এ পৌঁছেছে। শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে হরমোজগান প্রদেশের মিনাবে এই হামলায় কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন।
এই শহরটি ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের একটি ঘাঁটি। এই অভিযানের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইজরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর মার্কিন-ইজরায়েল যৌথ আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে ইরানকে তার পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখা প্রয়োজন। তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে ট্রাম্প বলেছেন, “ইরান কখনই পরমাণু অস্ত্র রাখতে পারবে না এবং আমেরিকা তার পরমাণু স্থাপনা ধ্বংস করবে।” তিনি ইরানের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা তাদের পরমাণু কর্মসূচি পুনর্নির্মাণ এবং দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টা করছিল। ট্রাম্প মার্কিন সামরিক অভিযান চালিয়ে যাওয়ার এবং ইরানের মিসাইল ক্ষমতা ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও বলেন, যদি ইরানের বর্তমান সরকার পরমাণ কর্মসূচি বন্ধ না করে, তাহলে তারা মৃত্যুর মুখোমুখি হবে।




