শুক্রবার থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশগত স্থায়িত্ব নিয়ে দু’দিনের এক আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার থেকে শুরু হচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়ে। সম্মেলনের মূল বিষয়বস্তু হচ্ছে ‘পার্বত্য ও পাহাড়ি ভূপ্রকৃতিতে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত স্থায়িত্ব’। এদিন বেলা দশটায় বিপিন চন্দ্র পাল মিলনায়তনে আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। সহযোগিতায় থাকছে ভারত বিকাশ পরিষদ (উত্তর-পূর্ব অঞ্চল), আইসিএআর–রিসার্চ কমপ্লেক্স ফর নর্থ ইস্ট রিজিয়ন-এর মিজোরাম সেন্টার এবং আইসিএআর–কৃষি বিজ্ঞান কেন্দ্র, হাইলাকান্দি। সম্মেলনে ভারত ও বিদেশের খ্যাতনামা শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষক ও নীতিনির্ধারকেরা অনলাইন ও অফলাইনে অংশ নেবেন।

সম্মেলনের আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক এম গঙ্গাভূষণ ও সাংগঠনিক সচিব ড. শুভদীপ রায়চৌধুরী জানিয়েছেন, দু’দিনের এই সম্মেলনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন দেরাদুনের ইউকস্ট-এর অধ্যাপক জিসিএস নেগি, গ্রাফিক এরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রীমা পন্থ, আইসিএআর-এর প্রধান বিজ্ঞানী ড. সতীশ বি শিবচন্দ্র ও ড. মোহাম্মদ মুদাসসার চন্দ জার্মানির জোলো জিএমবিএইচ-এর ড. অর্পিতা রায়চৌধুরী সহ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, স্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের একাধিক আন্তর্জাতিক বিশেষজ্ঞ।

সম্মেলনে পার্বত্য ও পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি, জীববৈচিত্র্য, পরিবেশ, জনস্বাস্থ্য, জীবনবিজ্ঞান ও জৈবসম্পদের উপর বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি বহুমুখী গবেষণা, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, কৃষক ক্ষমতায়ন, স্বাস্থ্য বিষয়ক সংলাপ এবং টেকসই উন্নয়ন নিয়ে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। সেরা গবেষণাপত্রের জন্য পুরস্কার ও স্বীকৃতিও প্রদান করা হবে।সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক তথা উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ ও ভারত বিকাশ পরিষদ উত্তর-পূর্ব অঞ্চলের সাধারণ সম্পাদক জগদীন্দু দেব এই সম্মেলন থেকে নীতিগত দিকনির্দেশনা পাওয়ার সম্ভাবনা নিয়ে আশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *