সুপার ডিভিশন ক্রিকেট ফাইনালে মুখোমুখি ইন্ডিয়া ক্লাব ও টাউন ক্লাব

Spread the news

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ মার্চ : শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্যারামাউন্ট স্কুল কাপ সুপার ডিভিশন ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে দুই ঐতিহ্যবাহী দল ইন্ডিয়া ক্লাব ও টাউন ক্লাব। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ইটখলা স্পোর্টিং ক্লাবকে ৩৭ রানে হারায় টাউন ক্লাব। আগামী শনিবার হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে ব্যাটিংয়ে আমন্ত্রণ পেয়ে টাউন ক্লাব নির্ধারিত ৪০ ওভারের ম্যাচে ৩৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ফেলে। দলের হয়ে ভরত নেওয়ার ৩৬, সমীর সিনহা ১৮, অনিকেত বাসফর ১৩, রেহান মজুমদার ও অনুরাগ সিনহা ১০ রান করে করেন। ইটখলা স্পোর্টিং অধিনায়ক রাহুল সিং এবং রোহিত ধোবি তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া দুটি উইকেট পেয়েছেন শুভম দেব। জবাবে ৩৩.৩ ওভারে ইটখলা স্পোর্টিংয়ের সবাই ১০২ রানে অল আউট হয়ে যায়। তাদের পক্ষে দুই অঙ্কের রান পেয়েছেন আয়ুষ আগরওয়াল (৬২) এবং রোহিত দাস (অপরাজিত ২৩)।

টাউন ক্লাবের বোলারদের মধ্যে প্রীতম দাস নেন তিন উইকেট। এছাড়া দু’টি করে উইকেট পেয়েছেন সমীর সিনহা ও ভরত নেওয়ার। এদিনের ম্যাচ সেরা নির্বাচিত হন ভরত নেওয়ার । তাঁর হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ক্রিকেটার মৃদুল দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *