বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ মার্চ : শিলচর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার তুঙ্গে উঠতেই বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন নির্দল প্রার্থী সুব্রতকুমার চন্দ। মঙ্গলবার শিলচরের ভাওয়াল পয়েন্টে নিজ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সুব্রতকুমার চন্দ বলেন, বিজেপি প্রার্থী নিজেই স্বীকার করেছেন যে তাঁর রাজ্য রাজনীতিতে আসার আগ্রহ ছিল না, বরং দলই তাঁকে প্রার্থী করেছে। এ প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, “যদি প্রার্থী হওয়ার ইচ্ছাই না থাকে, তাহলে কেন তিনি নির্বাচনে লড়ছেন?” তাঁর দাবি, এতে স্পষ্ট যে শিলচরের উন্নয়নে ডাঃ রায়ের আন্তরিকতা নেই।
নিজের নির্বাচনী প্রতীক ‘নৌকা’র কথা উল্লেখ করে সুব্রত জানান, শিলচরের সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশেষ করে জলাবদ্ধতা, যানজট ও পানীয় জলের সংকটের মতো দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
এছাড়াও, বিজেপি প্রার্থীর “শিলচরকে সিঙ্গাপুরে রূপান্তর” করার মন্তব্যকে কটাক্ষ করে সুব্রত বলেন, এটি বাস্তবসম্মত নয়। তাঁর কথায়, “সিঙ্গাপুর গড়ে তুলতে সময়, পরিকল্পনা ও দক্ষতার প্রয়োজন। শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে তা সম্ভব নয়।”
তিনি আরও অভিযোগ করেন, সাংসদ থাকাকালীন ডাঃ রাজদীপ রায় শিলচরের উল্লেখযোগ্য উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। বিজেপি শাসনামলে রাস্তাঘাট উন্নয়নের নামে দুর্নীতির অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, নির্মিত বহু রাস্তা অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়েছে, যা কমিশনরাজের ইঙ্গিত বহন করে। এ ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সুব্রত।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রঞ্জিত কানুও। তিনিও বিজেপি প্রার্থীর সমালোচনা করে আসন্ন নির্বাচনে শিলচর কেন্দ্র থেকে নির্দল প্রার্থী সুব্রতকুমার চন্দকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।



