বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : শিলচর শহরে নির্দল প্রার্থী সুব্রত চন্দের সমর্থনে শনিবার এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। নংসিংটোলা ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলি পরিক্রমা করে নিউ শিলচরের দেশবন্ধু চিত্তরঞ্জন এলাকায় গিয়ে পদযাত্রার সমাপ্তি ঘটে। এতে পাঁচ শতাধিক পুরুষ ও মহিলা অংশ নেন।
পদযাত্রার শেষে বক্তব্য রাখতে গিয়ে সুব্রত চন্দ বলেন, “আমি কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়ছি না। প্রত্যেক দলেরই নিজস্ব আদর্শ রয়েছে। তবে এবারের কংগ্রেস ও বিজেপির প্রার্থীরা জনগণের পছন্দের নন। সাধারণ মানুষের স্বার্থে এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে নেমেছি।”
তাঁর সহযোগী রঞ্জিত কানু বলেন, “সুব্রত চন্দ একজন পরিচিত সমাজকর্মী ও সমাজচিন্তক। তাঁর প্রতি কংগ্রেস ও বিজেপির একাংশ কর্মী-সমর্থকরাও পরোক্ষভাবে সমর্থন জানাচ্ছেন। ফলে এবারে নির্দল প্রার্থী হিসেবেই তাঁর জয়ের সম্ভাবনা উজ্জ্বল।”
স্থানীয় মহলের মতে, এই পদযাত্রায় ব্যাপক জনসমাগম শিলচরের নির্বাচনী সমীকরণে নতুন বার্তা দিচ্ছে এবং নির্দল প্রার্থীর উত্থানের ইঙ্গিত বহন করছে।



