বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : শিলচর শহরের পার্ক রোড এলাকার গান্ধীবাগ পার্ক ঘিরে অশালীন পরিবেশের অভিযোগ উঠায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। শিশুদের বিনোদন ও অবসর যাপনের উদ্দেশ্যে নির্মিত এই পার্ক বর্তমানে নিরাপদ পরিবেশ হারাচ্ছে বলে অভিযোগ সংগঠনগুলির।
সংগঠনগুলির দাবি, প্রতিদিন পার্কে বিপুল সংখ্যক তরুণ-তরুণীর সমাগম ঘটছে, যার ফলে পার্কের পরিবেশ ক্রমশ অশোভন হয়ে উঠছে। পার্কের অভ্যন্তরে কিছু আচরণ ও ভাষার ব্যবহার সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় বলেও অভিযোগ করা হয়েছে। এর ফলে বহু অভিভাবক সন্তানদের নিয়ে পার্কে এসে অস্বস্তির সম্মুখীন হচ্ছেন এবং কেউ কেউ বাধ্য হয়ে মাঝপথেই পার্ক ত্যাগ করছেন বলে জানা গেছে।
এই পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে পার্কের শৃঙ্খলা বজায় রাখা এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।
অন্যদিকে, বজরং দল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পার্কের অভ্যন্তরে কোনও ধরনের অনৈতিক বা অশোভন কার্যকলাপ বরদাস্ত করা হবে না। সংগঠনের নেতারা সতর্ক করে বলেন, প্রশাসন ও পুরসভা দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা।



