ভোটার সচেতনতায় হাইলাকান্দিতে  ‘ঢোলু’ মস্কটের উদ্বোধন

Spread the news

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : আসন্ন আসাম রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার বিকেলে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করা হয়। জেলা আয়ুক্তের কার্যালয়ের প্রাঙ্গণে জেলা প্রশাসনের সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন (এসভিইইপি)-সেলের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল জেলার বিশেষ মস্কট ‘ঢোলু’-র। ‘ঢোলু’ নামের এই মস্কটটি বরাক উপত্যকার একটি দেশীয় হাঁস (ডাক) প্রজাতিকে প্রতীক হিসেবে তুলে ধরেছে, যা হাইলাকান্দি, শ্রীভূমি ও কাছাড় জেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

স্থানীয় সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে সাযুজ্য রেখে তৈরি এই মস্কটটির মাধ্যমে ভোটারদের মধ্যে সহজ ও আকর্ষণীয় উপায়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। জানা গেছে, ঢোলু’ ধলেশ্বরী নদীর জলের সঙ্গে একাত্ম হয়ে মানুষের কাছে পৌঁছে দেবে ভোটাধিকার প্রয়োগের গুরুত্বের বার্তা। “আমার অধিকার, আমার ভোট”—এই মূল স্লোগানকে সামনে রেখে মস্কটটি জেলার বিভিন্ন প্রান্তে প্রচার কার্যক্রমে অংশ নেবে এবং মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উৎসাহিত করবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা আয়ুক্ত মনসুর আহমেদ মজুমদার, অন্তরা সেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অংকিতা ছেত্রী, সহ (এসভিইইপি)-সেলের কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *