বরাক তরঙ্গ, ১০ মার্চ : মঙ্গলবার মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে আমবাড়ি–চানমারি–নুনমাটি সংযোগকারী অসমের দীর্ঘতম উড়ালসেতু ‘মহারাজ পৃথু’ উড়ালসেতুর উদ্বোধন করেন। প্রায় ৫.৪ কিলোমিটার দীর্ঘ এই উড়ালসেতুটি আমবাড়ি, চানমারি এবং বামুনীমৈদামসহ শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকার উপর দিয়ে নির্মিত হয়েছে।
প্রায় ৮৫২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই উড়ালসেতুটি পুরনো চানমারি উড়ালসেতুর সঙ্গেও সংযুক্ত করা হয়েছে। এর ফলে গুয়াহাটিতে যানজট অনেকটাই কমবে এবং যানবাহন চলাচল আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের শেষ দিকে উড়ালসেতুটির নির্মাণকাজ শুরু হয়েছিল এবং প্রায় ২৮ মাসে কাজ সম্পন্ন হয়। পুরো উড়ালসেতুতে মোট ১২২টি খুঁটা নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বখতিয়ার খিলজিকে পরাজিত করা মহারাজ পৃথুর নামে এই সেতুর নামকরণ করা হয়েছে। তিনি জানান, সেতুটির রাজগড় ও উজানবাজারমুখী দুটি অংশও পর্যায়ক্রমে চালু করা হবে। আগামী ১৪ মার্চ থেকে উড়ালসেতুতে যানবাহন চলাচল শুরু হবে। এর আগে তিনদিন সাধারণ মানুষ সেতুর উপর হেঁটে ঘোরার সুযোগ পাবেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে গুয়াহাটি ক্লাব এলাকার দিকে আরও দুটি সংযোগ বাহু নির্মাণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। তিনি উল্লেখ করেন, উড়ালসেতুর নির্মাণকাজ চলাকালে প্রায় ৫০ জন বামপন্থী কর্মী এর বিরোধিতা করেছিলেন। এমনকি শিল্পী জুবিন গর্গও একসময় আন্দোলনে যোগ দিয়েছিলেন, তবে বিষয়টি ব্যাখ্যা করার পর তিনি পরিস্থিতি বুঝতে পেরেছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, “আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। এই উড়ালসেতু চালু হলে গুয়াহাটির যানবাহন চলাচলে নতুন গতি আসবে।”




