বরাক তরঙ্গ, ৩০ মার্চ, সোমবার,
ভারতের অবকাঠামোগত উন্নয়নের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী কর্মসূচি ভারতমালা পরিযোজনা—যার লক্ষ্য দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, গতিশীল এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সহায়ক করে তোলা। কিন্তু এই মহৎ উদ্দেশ্যের বাস্তবায়নের পথে দক্ষিণ কাছাড়ের বর্তমান চিত্র এক গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। উন্নয়নের নামে সাধারণ মানুষের উপর যে দুর্ভোগ নেমে এসেছে, তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
জাতীয় সড়ক ৩০৬-এর শিলচর থেকে অসম-মিজোরাম সীমান্ত পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ চলাকালীন বিকল্প সড়কের অভাবে কাঁচা বাইপাস পথগুলো জলমগ্ন হয়ে বিপজ্জনক হয়ে ওঠে। ভারী যানবাহন আটকে গিয়ে দিনের পর দিন সড়ক অবরুদ্ধ থাকে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। দক্ষিণ কাছাড় ও পার্শ্ববর্তী মিজোরামের লক্ষাধিক বাসিন্দা, নিত্যযাত্রী, ছাত্রছাত্রী এবং পণ্যবাহী যানবাহন প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে। কাদা, জল ও যানজট এখন এই অঞ্চলের নিত্যদিনের সঙ্গী। আর বর্ষাকালে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এই অচলাবস্থার সবচেয়ে মর্মান্তিক দিক হল—অনেক রোগী সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে প্রাণ হারাচ্ছেন।
কাজিডহর, নতুন বাজার, নরসিংহপুর, রামপ্রসাদপুর—গত বর্ষার সেই ভয়াবহ স্মৃতি এখনও মানুষের মনে তাজা। কিন্তু দুঃখজনকভাবে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজ সম্পূর্ণ হয়নি। বরং নতুন নতুন স্থানে ফ্লাইওভার নির্মাণ শুরু হওয়ায় সমস্যার জট আরও বেড়েছে।
বর্তমানে সামান্য বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ছে। কার্যকর জল নিষ্কাশনের অভাবে জাতীয় সড়ক যেন নদীতে পরিণত হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।



