ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত ভোট ৮৪.৪২ শতাংশ

Spread the news

বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা আসনের উপনির্বাচনে ব্যাপক উৎসাহের মধ্যে বিকাল পাঁচটা পর্যন্ত মোট ৮৪.৪২ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে ৫৫টি ভোটকেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ প্রক্রিয়া বিকাল পাঁচটায় শান্তিপূর্ণভাবে শেষ হয়। নির্বাচনী আধিকারিক দেবযানী চৌধুরী জানান, অধিকাংশ ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও ইভিএম বিকল হওয়া বা কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, এই উপনির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তাঁরা হলেন বিজেপির জহর চক্রবর্তী, কংগ্রেসের চয়ন ভট্টাচার্য, সিপিআই (এম)-এর অমিতাভ দত্ত, এসইউসিআই-এর সঞ্জয় চৌধুরী, নির্দল প্রার্থী ব্রজলাল দেবনাথ এবং আমরা বাঙালি দলের বিভাসরঞ্জন দাস। ধর্মনগর আসনে মোট ভোটার সংখ্যা ৪৬,১৮৩। এর মধ্যে ২২,৩৮০ জন পুরুষ, ২৩,৭৬৩ জন মহিলা এবং ৯২৪ জন নতুন ভোটার রয়েছেন। অবাধ ও সুষ্ঠ নির্বাচন পরিচালনার জন্য ৫৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এর মধ্যে ১১টি মডেল ভোটকেন্দ্র এবং আরও ১১টি সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হয়। পাশাপাশি মহিলা ভোটকর্মীদের সুবিধার্থে পৃথক ‘পিঙ্ক কাউন্টার’-এর ব্যবস্থাও করা হয়েছিল বলে জানান নির্বাচনী আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *