বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ মার্চ : আসন্ন অসম বিধানসভা নির্বাচনে ২২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রকাশিত তালিকা অনুযায়ী, বরাক উপত্যকায় ৫টি এবং ব্রহ্মপুত্র উপত্যকায় ১৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে দল। প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের দাবি, মাত্র ৭টি সংখ্যালঘু অধ্যুষিত আসন বাদে বাকি আসনগুলোতে বিভিন্ন ভাষা, জাতি ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে নিজেদের সর্বজনীন রাজনৈতিক বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করছে দল। বুধবার শিলচরে সাংবাদিক সম্মেলন করে কথাগুলো জানিয়েছেন সাংসদ সুস্মিতা দেব।
প্রার্থী নির্বাচনে কৌশলগত অবস্থান নিয়েছে তৃণমূল। অন্যান্য দল থেকে বিদ্রোহী প্রার্থীদের সুযোগ দিলেও বিজেপি থেকে আসা নেতাদের তেমন গুরুত্ব দেওয়া হয়নি। দলের মতে, এতে নির্বাচনের পর দলবদলের প্রবণতা কমবে এবং সংগঠন আরও শক্তিশালী ও স্থিতিশীল থাকবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৃণমূলের অভিযোগ, অসমে কংগ্রেস ও বিজেপির মধ্যে পার্থক্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নিজেদের স্বতন্ত্র অবস্থান গড়ে তুলতে চায় দল। পাশাপাশি বিজেপি ও এজিপি—উভয় দলের বিরুদ্ধেই সরব হয়েছে তারা।
দলের সাংসদ সুস্মিতা দেব জানিয়েছেন, ভিশন ডকুমেন্টকে সামনে রেখেই তারা জনতার কাছে যাবে। উন্নয়ন, স্বচ্ছতা এবং বিকল্প রাজনীতির বার্তা নিয়েই নির্বাচনী লড়াইয়ে নামছে তৃণমূল।
তিনি জানান, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, বিধানসভায় শক্তিশালী বিরোধী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে আত্মবিশ্বাসী তারা। ভবিষ্যতে কংগ্রেস জোটকে ইস্যুভিত্তিক সমর্থন দেওয়ার প্রশ্ন উঠলে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



