লাহরিঘাটে অবৈধভাবে পিকনিক স্পটের অবস্থান পরিবর্তন

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : লাহরিঘাটের জনপ্রিয় পিকনিক স্পট “লাহরি চর”-এর অবস্থান গোপনে ও অবৈধভাবে পরিবর্তন করে একটি দুষ্টচক্র। এনিয়ে লাহরিঘাট অঞ্চলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত বছর ১৪ অক্টোবরে মরিগাঁও জেলা দিবসে মরিগাঁও কেন্দ্রের বিধায়ক রমাকান্ত দেওরী, লাহরিঘাট কেন্দ্রের বিধায়ক ডাঃ আসিফ মহম্মদ নাজার, জেলাশাসক অনামিকা তেওয়ারী, লাহরিঘাট সমজেলাশাসক ও সমজেলা পুলিশ সুপারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই পিকনিক স্পটটির শুভ উদ্বোধন করা হয়েছিল। পিকনিক স্পটটি উদ্বোধনের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটকের আগমন ঘটে। তবে সম্প্রতি একটি দুষ্টচক্রের তৎপরতায়, প্রশাসনের অজান্তে ও কোনো রকম অনুমোদন ছাড়াই পিকনিক স্পটটির মূল অবস্থান পরিবর্তন করে অন্যত্র জায়গায় সরিয়ে নেওয়া হয়। এই অবৈধ স্থানান্তরের পর থেকেই নতুন স্থানে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটতে শুরু করে।

দু’দিন আগেও একদল দুষ্টচক্র পর্যটকদের কাছে জবরদস্তি করে টাকা আদায়ের চেষ্টা করলে তাদের মধ্যে মারামারি ও উত্তেজনার সৃষ্টি হয়। এছাড়াও, পিকনিক স্পটের অবস্থান পরিবর্তনের কারণে পর্যটকদের “ভুটভুটি” অথবা স্থানীয় নৌকা যোগে যাতায়াত করতে বাধ্য করা হচ্ছে। এসব নৌকার চালকরা পর্যটকদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বিভিন্ন হারে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। আর এই নৌকাগুলোতে কোনো উপযুক্ত লাইফ বয় বা লাইফ জ্যাকেট নেই এবং চালকদের কাছেও প্রয়োজনীয় সরকারি লাইসেন্স বা পারমিট নেই বলে স্থানীয়রা জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *