উধারবন্দ ইসলামিয়া মাদ্রাসায় ইফতার মহফিল

Spread the news

বরাক তরঙ্গ, ৯ মার্চ : পবিত্র রমজান মাস উপলক্ষে উধারবন্দের ভিআইপি রোডে লস্কর দোকানের সামনে অবস্থিত উধারবন্দ ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা পরিচালন কমিটির উদ্যোগে এক দ্বীনি ও ইফতার মহফিল নানা কর্মসূচির মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। মাদ্রাসা কমিটির সম্পাদক নোমান উদ্দিন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে কয়েক শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। আসরের নামাজের পর শুরু হয়ে ইফতারের পূর্বমুহূর্ত পর্যন্ত ধর্মীয় আলোচনা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুসলিম সমাজের মধ্যে ধর্মীয় অনুপ্রেরণা ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)–এর বংশধর সৈয়দ হাসান আসজদ মদনি। ওয়াজ মাহফিলে তিনি পবিত্র রমজান মাসের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত নিয়ে গভীর ও হৃদয়স্পর্শী আলোচনা করেন। ইফতারের ঠিক আগে তিনি বিশ্বশান্তি এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ ও নিরাপত্তা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

মদনি বলেন, “মাদ্রাসা শিক্ষা প্রকৃত মানুষ গড়ার অন্যতম ভিত্তি। পৃথিবী যতদিন থাকবে, ততদিন মাদ্রাসা শিক্ষার ধারা অব্যাহত থাকবে।” ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সমাজকল্যাণমূলক অনুষ্ঠান অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সভাপতি সেলিম উদ্দিন লস্কর, সম্পাদক নোমান উদ্দিন চৌধুরী, প্রাক্তন পঞ্চায়েত সভাপতি নসরুল হোসেন বড়লস্কর (রাহুল), মওলানা আব্দুল আহাদ, সাংবাদিক ইয়াহিয়া লস্কর (জাকির), মওলানা ইনসারুল হক লস্কর, মওলানা আজিজুর রহমানসহ এলাকার আলিম-ওলামাগণ। সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *