বরাক তরঙ্গ, ৯ মে : বঙাইগাঁও জেলার ২৭ নম্বর জাতীয় সড়কের সাকতলা এলাকায় শনিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, AS 15 F 0151 নম্বরের একটি দ্রুতগতির হুন্ডাই আই১০ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের রেলিংয়ে সজোরে ধাক্কা মারে। এতে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়। দুর্ঘটনায় এক মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়, অপরদিকে তাঁর স্বামী গুরুতরভাবে আহত হন।
মৃতার পরিচয় বারপেটা জেলার সরভোগ কালিটাপাড়ার বাসিন্দা ৬০ বছর বয়সী দীপালি বালা দাস হিসেবে শনাক্ত করা হয়েছে। আহত ব্যক্তি তাঁর স্বামী ৬৫ বছর বয়সী রঞ্জন কুমার দাস। জানা গেছে, দম্পতি বঙাইগাঁও থেকে নিজেদের বাড়ি সরভোগে ফিরছিলেন, সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ চালিয়ে দু’জনকে বঙাইগাঁওয়ের লোয়ার আসাম হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দীপালি বালা দাসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রঞ্জন কুমার দাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



