সোনাইয়ে অগপ যুব পরিষদে শতাধিক যোগদান, মিত্রজোট সরকারের পক্ষে নেতাদের বার্তা

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : কাছাড় জেলার সোনাই এলাকায় অসম গণ পরিষদের ভ্রাতৃ সংগঠন যুব পরিষদের উদ্যোগে এক বৃহৎ যোগদানী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সোনাইয়ের পুরাতন কো-অপারেটিভ কার্যালয়ের মাঠে আয়োজিত এই সভায় কাছাড় জেলার শিলচর, সোনাই, বড়খলা, কাটিগড়া, উদারবন্দ ও লক্ষীপুর কেন্দ্র থেকে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ), অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন (আমসু), কংগ্রেসসহ বিভিন্ন দল ও সংগঠনের প্রায় শতাধিক যুবক আনুষ্ঠানিকভাবে অগপ যুব পরিষদে যোগদান করেন।

সভায় উপস্থিত ছিলেন যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি জিতু বরগোঁহাই, কেন্দ্রীয় কার্যকারী সভাপতি ঋষিকেশ শর্মা, কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর, জেলা সভাপতি রূপন মোদক এবং অগপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। অতিথিদের গামছা ও ঝাঁপি দিয়ে সম্মাননা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন রূপন মোদক এবং সঞ্চালনা করেন নেকবুব হোসেন লস্কর।

সভায় বক্তব্য রাখতে গিয়ে রূপন মোদক বলেন, অগপ যুব পরিষদ রাজ্যের যুবসমাজের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে। তিনি অগপ ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র মিত্রজোট সরকারকে সমর্থন জানানোর আহ্বান জানান। কামরুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান মিত্রজোট সরকার রাজ্যের সর্বকালের অন্যতম জনদরদী সরকার এবং অগপ তার গুরুত্বপূর্ণ শরিক দল হিসেবে উন্নয়নে কাজ করছে। তিনি সকলকে অগপের সঙ্গে থাকার আহ্বান জানান।

ঋষিকেশ শর্মা তাঁর বক্তব্যে বলেন, ব্রহ্মপুত্র উপত্যকার মতো বরাক উপত্যকাতেও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং পিছিয়ে থাকা সোনাইয়ের উন্নয়নের জন্য অগপকে শক্তিশালী করা জরুরি। তিনি আগামী নির্বাচনে অগপ প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান।

অন্যদিকে, জিতু বড়গোঁহাই কংগ্রেসের সমালোচনা করে বলেন, কংগ্রেস সংখ্যালঘুদের শুধু ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে, কিন্তু অগপ সব সম্প্রদায়ের উন্নয়নে বিশ্বাসী। তিনি প্রাক্তন কংগ্রেস নেতা ভূপেন বরার দলত্যাগের প্রসঙ্গ উল্লেখ করে সোনাইবাসীকে অগপের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।

সভায় অগপ জেলা কার্যকারী সভাপতি মণিতন সিংহ, সাধারণ সম্পাদক সুজিত শর্মা, মোমিনুল হক লস্কর, যুব পরিষদের কার্যকারী সভাপতি চিত্তরঞ্জন সিংহ এবং সভাপতি আয়াজ উদ্দিন বড়ভূইয়াসহ বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এই যোগদানী সভাকে বরাক উপত্যকায় অগপের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *