বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : শিবালিক পার্কে ফুল, ফল এবং শোভাবর্ধক গাছপালার অত্যন্ত মনোরম একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আয়োজক ‘বাগানবাড়ি শিবালিক পার্ক’ এবং সহযোগিতায় শিবালিক পার্ক শ্রীদুর্গা মণ্ডপ কমিটি। পার্কের ৪২টি পরিবার অংশগ্রহণ করে তাঁদের বাড়ি থেকে সর্বমোট ২৬৮টি টব জমা দেন, যা দর্শকদের মুগ্ধ করেছে। সকাল সাড়ে নয়টায় অবসরপ্রাপ্ত জেলা কৃষি অধিকারিক ও পার্কের প্রাচীন বাসিন্দা রথীশরঞ্জন পাল প্রদীপ প্রজ্বলন করে প্রদর্শনী উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন দুর্গা মণ্ডপ কমিটির সভাপতি ওঙ্কারনাথ রায়, শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির সভাপতি সুদীপ্ত দেবরায়, মহিলা সংঘের সভাপতি জয়িতা রায়চৌধুরী, বাগানবাড়ির প্রতিনিধি অঞ্জন স্বামী, প্রসেনজিত রায়চৌধুরী, আশিষ তরু পাল, অলক দাশগুপ্ত, অমিয়পদ মোদক প্রমুখ।

প্রদর্শনীতে কাবুগঞ্জের ‘নর্থ ইস্টার্ন অ্যাগ্রো সার্ভিসেস নার্সারি’, হাতিছড়ার ‘গিরিরাজ জৈব ভেষজ উদ্যান’ এবং রামনগর শিলচরের ‘চেঞ্জিংস নার্সারি’ কমার্শিয়ালভাবে অংশ নিয়ে বিভিন্ন গাছপালার টব প্রদর্শন ও বিক্রি করে। অনেক দর্শক সেখান থেকে গাছ কিনে নিয়ে যান। সোমবার সন্ধ্যা ৬টা৩০ মিনিট থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। কল্পিতা নাথ মজুমদারের পরিচালনায় শিবালিক পার্কের মহিলাদের সমবেত একক সঙ্গীত, একক সঙ্গীত অধ্যাপিকা ড. পূর্বী চক্রবর্তী, সুদীপ্ত দেবরায় ও কল্পিতা নাথ মজুমদারের, নৃত্য কাব্যা দাসের, কবিতা সুতপা পালদাসের এবং শেষে যোগাসন ও এর উপকারিতা নিয়ে আলোচনা রাজর্ষি দাসের পরিবেশন দর্শকদের মুগ্ধ করে। এই প্রদর্শনী শিলচরের স্থানীয় সম্প্রদায়ের ঐক্য ও সবুজ সচেতনতা বাড়িয়েছে বলে সকলে মত প্রকাশ করেছেন।



