বরাক তরঙ্গ, ৩১ মার্চ : বিজেপির মিত্রদল অসম গণ পরিষদের প্রার্থী পৃথ্বীরাজ রাভার সমর্থনে জোরদার নির্বাচনী প্রচার চালান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি তোজপুরে এক বিশাল জনসভায় ভাষণ দেন।
মঙ্গলবার সকালে সেনাবাহিনীর বিশেষ বিমানে গুয়াহাটি পৌঁছে সেখান থেকে তেজপুরে যান প্রতিরক্ষামন্ত্রী। তেজপুরের কলেজিয়েট ফিল্ডে আয়োজিত জনসভায় অংশ নিয়ে অগপ প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।
নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টা ২০ মিনিটে বালিজানের বালিজান চা-বাগান মাঠে আরও একটি প্রচারসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
একই দিনে দেরগাঁও বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মৃদুল কুমার দত্তের সমর্থনেও প্রচারে অংশ নেবেন তিনি।
দিনভর কর্মসূচি শেষে সন্ধ্যা ৫টায় গুয়াহাটি বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।



