বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : ত্রিপুরার এক ছাত্রী গুরগাঁওয়ে পড়াশোনা করতে গিয়ে নৃশংস নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ মহিলা শাখা। ঘটনার প্রতিবাদে কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী বলেন, দিল্লিসহ দেশের বিভিন্ন প্রান্তে নারীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। গুরগাঁওয়ে ত্রিপুরার ছাত্রীর উপর সংঘটিত এই নির্মম নির্যাতনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং উদ্বেগজনক। তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি আরও অভিযোগ করেন, দেশে নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা রোধে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি এবং কার্যকর পদক্ষেপের অভাবের ফলেই একের পর এক এমন নৃশংস ঘটনা ঘটছে। তাঁর দাবি, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে নারীদের উপর নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে।




