দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : তাপাং খণ্ডের বর্ষাঙ্গন মণ্ডলে এক বিশাল হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হল। প্রায় ৪৫০০-এরও বেশি ভক্তের উপস্থিতিতে এই অনুষ্ঠান এক মহামিলনক্ষেত্রে পরিণত হয়।বিশ্বশান্তি কামনায় মহাযজ্ঞ, গোমাতা পূজন, প্রদীপ প্রজ্বলন এবং ভারতমাতা পূজনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে, যা সম্মেলনকে আরও আকর্ষণীয় করে তুলেছে।অনুষ্ঠানে আসাম ক্ষেত্রের বিশ্ব হিন্দু পরিষদের ধর্ম প্রসার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্য কাছাড় জেলার প্রচারক সাগর শর্মা এবং রাষ্ট্রীয় সেবিকা সমিতির পশ্চিম কাছাড় জেলার সম্পর্ক প্রমুখ শর্মিষ্ঠা দেব পুরকায়স্থ উপস্থিত ছিলেন।
স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে কালিকা প্রসাদ রাই হাইস্কুলের প্রধান শিক্ষক কামাক্ষ্যা প্রসাদ রাই, আয়োজন সমিতির সভাপতি কমলপ্রসাদ কুর্মি এবং সম্পাদক তপন দাসও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া দক্ষিণ অসম প্রান্তের সেবা ভারতীর সংগঠন মন্ত্রী রাধা কৃষ্ণজি এবং ব্যবস্থা প্রমুখ সন্তোষ রায়সহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানের শোভা বৃদ্ধি করেন। আয়োজকদের মতে, এই সম্মেলন হিন্দু সমাজের ঐক্য ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



