শিলচরে হিমন্ত বিশ্ব শর্মার মেগা রোডশো, শক্তিপ্রদর্শন

Spread the news

বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচরে নির্বাচনী প্রচারে জোরদার তৎপরতা শুরু করেছে বিজেপি। দলের প্রার্থী ডাঃ রাজদীপ রায় (শিলচর) এবং রাজদীপ গোয়ালা (উধারবন্দ)-র সমর্থনে প্রচারে অংশ নিতে এদিন শিলচরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার সন্ধ্যায় তাঁর নেতৃত্বে শিলচরে অনুষ্ঠিত হয় এক মেগা রোডশো। ইটখোলা ময়দান থেকে শুরু হওয়া এই রোডশোতে হাজার হাজার বিজেপি কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। রোডশোটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে রাঙ্গিরখাড়ি পয়েন্টে এসে শেষ হয়।

রোডশো চলাকালীন “বিজেপি জিন্দাবাদ” এবং “হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ” স্লোগানে মুখর হয়ে ওঠে শিলচর শহর। সমর্থকদের উচ্ছ্বাস এবং ব্যাপক জনসমাগম এই কর্মসূচিকে এক বড় শক্তিপ্রদর্শনে পরিণত করে।

এদিন মুখ্যমন্ত্রী সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিজেপি সরকার গঠিত হলে মানুষের সেবা আরও ভালোভাবে করা সম্ভব হবে। আসন্ন নির্বাচনে দলের জয় নিয়ে তিনি আশাবাদী বলেও উল্লেখ করেন।
রোডশোতে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, প্রার্থী ডাঃ রাজদীপ রায় ও রাজদীপ গোয়ালাসহ একাধিক শীর্ষ নেতা ও কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *