মানব সেবায় স্বাস্থ্য পরীক্ষা শিবির আসাম বিশ্ববিদ্যালয়ের

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ মার্চ : দুস্থ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলো আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ। মঙ্গলবার মেহেরপুর এলাকার ওডিয়া টিলা কমিউনিটির মানব সেবা এলপি স্কুলে এই শিবির আয়োজিত হয়। জাতীয় স্বাস্থ্য মিশনের সহযোগিতায় আয়োজিত এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং সাধারণ রোগের আগাম শনাক্তকরণ ও প্রতিকার নিশ্চিত করা।

শিবিরে উপস্থিত চিকিৎসক দলের মধ্যে ছিলেন ডাঃ সুদীপ চক্রবর্তী, ফার্মাসিস্ট খাদিজা আক্তার বড়ভূইয়া, ল্যাব টেকনিশিয়ান রবিজুল মজুমদার ও অপথ্যালমিক অ্যাসিস্টেন্ট শংকর সিংহ। তাঁদের পাশাপাশি অন্য সহায়ক কর্মীরাও শিবির সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সমগ্র কর্মসূচি তত্ত্বাবধান করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপিকা তথা ফিল্ডওয়ার্ক সুপারভাইজার ড. অদিতি নাথ।

শিবিরে রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা নির্ণয়সহ বিভিন্ন সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রোগীদের শারীরিক অবস্থার ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয় ও উপযুক্ত ওষুধ সরবরাহ করা হয়।
পর্যবেক্ষণে দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। এছাড়া আয়োডিনের ঘাটতিজনিত সমস্যাও লক্ষ্য করা যায়। তাঁদের আরও বিস্তারিত পরীক্ষা ও যথাযথ চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়।

এদিনের স্বাস্থ্য শিবিরে মোট ৮৩ জন রোগী উপকৃত হন। প্রসঙ্গত, এই কর্মসূচি মূলত সমাজকর্ম বিভাগের ছাত্র সৌরভ গোস্বামী, তামান্না ইয়াসমিন, সংস্কৃতি সিংহ, খুশি দাস, নিলুফার ইয়াসমিন, ভূমিকা যাদব, মৌমি রাজবংশী ও জয়দীপ চক্রবর্তীর ফিল্ডওয়ার্ক কার্যক্রমের অংশ ছিল। বিশ্ববিদ্যালয় সূত্রে এখবর জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *