দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : হনুমান জয়ন্তী উপলক্ষে মালুগ্রামের পঞ্চানন শিববাড়িতে ভক্তদের ঢল নামল। বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের উদ্যোগে সাড়ম্বরে পালিত হয় এই পবিত্র উৎসব। হাজারো ভক্তের সমাগমে সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানে হনুমান পূজা, বন্দনা এবং প্রসাদ অর্পণের মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। সকাল থেকে শুরু হওয়া কর্মসূচিতে বজরং দলের সদস্যরা হনুমান জয়ন্তীর তাৎপর্য তুলে ধরে সকলকে ভক্তি ও সেবার আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
আয়োজকদের বক্তব্য, “হনুমান জয়ন্তী আমাদের অটল ভক্তি, নিষ্ঠা ও সেবার পথ দেখায়। এই উৎসব সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে সহায়তা করবে।”
অনুষ্ঠানে এলাকার সনাতনী সমাজের বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। ভক্তরা একসঙ্গে ‘জয় শ্রীরাম, জয় বজরংবলী’ ধ্বনিতে মুখরিত করে তোলেন পরিবেশ। আয়োজকদের মতে, এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান সমাজে সম্প্রীতি ও ঐক্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



