দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ মার্চ : দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে চা জনগোষ্ঠী তথা আদিবাসী সমাজের পাঁচটি সম্প্রদায়কে ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) হিসেবে স্বীকৃতি দিয়েছে অসম সরকার। গত ১০ মার্চ এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
চাষা, বাকতি বা বাগদি, ফুলমালী বা মালী, গঞ্জু এবং খৈরা—এই পাঁচটি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সমাজের প্রতিনিধিরা। সোমবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সমাজের প্রতিনিধিরা রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সাংবাদিক সম্মেলনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে এই দাবি আদায়ে ‘অসম চা জনগোষ্ঠী জাতীয় মহাসভা’ গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। এজন্য সংগঠনটির প্রতি উষ্ণ অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি সমাজের অন্যান্য কয়েকটি সংগঠন এবং তাদের কর্মকর্তাদের প্রতিও শ্রদ্ধা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মদন চাষা, বিমল চাষা, সান্ত্বনা চাষা, নেপাল রায় (খৈরা), ধনীরাম রায়, ভানুদেব ফুলমালী, ভজন ফুলমালী, বিষ্ণুপদ বাকতি সহ অন্যান্যরা।




