বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : অসমের ২০০ বছরের চা শিল্পে চা-শ্রমিক সম্প্রদায়ের অবদানকে সম্মান জানাতে আসামে মুখ্যমন্ত্রীর ‘এটি কলি দুটি পাত’ বিশেষ প্রকল্পের অধীনে ৫,০০০ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজ্য সরকারের “এটি কলি দুটি পাত ” প্রকল্পের মাধ্যমে ধলাই বিধানসভা কেন্দ্রের বড়জালেঙ্গা ও ধোয়ারবন্দ চা বাগান শ্রমিকদের মধ্যে এককালীন অর্থ সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক নীহার রঞ্জন দাস ।
এদিন পৃথক পৃথক দুটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নীহাররঞ্জন দাস বলেন, চা শ্রমিকদের কল্যাণের কথা একমাত্র বিজেপি সরকার চিন্তা করে আর এজন্য সরকার বিভিন্ন প্রকল্প চা বাগানের শ্রমিকদের জন্য গ্রহণ করেছে । তিনি বলেন, আসামে চা বাগান প্রতিষ্ঠার দুশো বছর পূর্তি উপলক্ষে সম্মান স্বরূপ ৫ হাজার টাকা করে অর্থ প্রদান করা হচ্ছে। বিধায়ক বলেন শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে চা বাগান এলাকায় মডেল স্কুল স্থাপন করা হয়েছে যা বর্তমানে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে। জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল ডেভেলপমেন্ট সেন্টার নির্মাণ, চা বাগানের সড়ক নির্মাণে এক কোটি টাকা করে বরাদ্দ করেছে আসামের বিজেপি সরকার। বিধায়ক নীহাররঞ্জন দাস জানান চা শ্রমিকদের ভূমির পাট্টা প্রদানের জন্য সরকার ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে এবং আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ভূমি পাট্টার ফর্ম বিতরণ করা হবে। তিনি বলেন চা বাগানের অসুস্থ রোগীরা যাতে চিকিৎসার জন্য হাসপাতালে আসা-যাওয়া সহজে করতে পারে তার জন্য প্রতিটি বাগানে একটি করে এম্বুলেন্স দেওয়া হয়েছে। চা বাগানের জনপ্রিয় ঝুমুর নিত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও বলেন চা শ্রমিকদের কল্যাণের জন্য সরকার যেভাবে চিন্তাধারা করে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে সেজন্য চা শ্রমিক ভাই বোনদের সরকারের সঙ্গে থাকার আহ্বান জানান বিধায়ক।
এদিনের সভায় বক্তব্য রাখেন বিজেপি কাছাড় জেলা সম্পাদক পরেশ তাঁতি। তিনি বলেন, চা-বাগান শ্রমিকদের কল্যাণে বর্তমান বিজেপি সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করে আসছে। চা-বাগান শ্রমিকদের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠান দুটিতে উপস্থিত ছিলেন জিলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি, চা বাগান ম্যানেজার রাজীব গুপ্তা, জেপি শিসোদিয়া , পালংঘাট ও বড়জালেঙ্গা ব্লকের খণ্ড উন্নয়ন আধিকারিক কাবেরী বরগোঁহাাই ও শুভ্রা নাথ, বিজেপি বড়জালেঙ্গা মণ্ডল সহ-সভাপতি, পার্থ সেন, ও সরিতা সিং, মন্ডল সাধারণ সম্পাদক সুদীপ কুমার, ধোয়ারবন্ধ জিপি সভানেত্রী মায়ারানি নুনিয়া, এপি সদস্যা সৃজনা অধিকারী, দার্বি জিপি সভাপতি রাম সিংহাসন গোয়ালা, এপি সদস্যা ববিতা দুষাদ, বিজেপি কর্মী কানাই চাষা, ভজন ফুলমালি, রাজেন চাষা, বিশ্বম্বর শুক্লবৈদ্য বাগান পঞ্চায়েত যথাক্রমে বেতন গোয়ালা ও প্রদীপ কানু প্রমুখ। এদিন বড়জালেঙ্গা চা-বাগানে ৩০৯ ও ধোয়ারবন্দ চা-বাগানে ২৪১ জন শ্রমিককে ৫০০০ টাকার চেক প্রদান করা হয়।



