বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : শিলচরের চেংকুড়ি বাইপাসে গত বৃহস্পতিবার রাতে সংঘটিত তরুণীর ওপর বর্বরোচিত নির্যাতন ও ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে বুধবার শিলচরের গোলদিঘি মলের সামনে শহরের বিশিষ্ট নাগরিকদের আহ্বানে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এই প্রতিবাদী সভা থেকে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোরালো দাবি জানানো হয়। আজকের প্রতিবাদী সভার অন্যতম আহ্বায়কবৃন্দ যথাক্রমে দুলালী গাঙ্গুলি, স্নিগ্ধা নাথ, সুকল্পা দত্ত প্রমুখ বলেন সংবাদ মাধ্যম থেকে জানা যায় যে গত বৃহস্পতিবার রাতে চেংকুড়ি বাইপাস এলাকায় একটি গাড়িতে বসে থাকা এক তরুণী ও তার সঙ্গীকে লক্ষ্য করে হামলা চালায় সাতজন দুষ্কৃতীর একটি দল। অভিযোগ অনুযায়ী, যুবকটিকে আটকে রেখে তার চোখের সামনেই তরুণীকে নির্যাতন করে এবং তাদের কাছ থেকে ইউপিআই (UPI)-এর মাধ্যমে ১০,০০০ টাকা ছিনতাই করে। পুলিশ এই ঘটনার অন্যতম অভিযুক্ত নিলুৎপল দাস সহ তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। দুলালী গাঙ্গুলি বলেন, তাদের কার্যসূচির আগে কাছাড়ের পুলিশ সুপার তাকে ডেকে নিয়ে গিয়ে বলেছেন ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং অন্যান্য অভিযুক্তদের ধরতে তল্লাশি জারি রয়েছে। তিনি বলেন চাঞ্চল্যকর ঘটনায় যেহেতু শহরজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তাই জনগণের ক্ষোভের বহিপ্রকাশই হচ্ছে আজকের কার্যসূচি।
আজকের কার্যসূচিতে উপস্থিত শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গেরা উপত্যকার আইনশৃঙখলা ও নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এছাড়াও প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত নাগরিকরা উক্ত ঘটনার সাথে যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি সহ বাইপাস এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে টহলদারীর ব্যবস্থা করার দাবিও জানান হবে। আজকের কার্যসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা ঝুমুর পাণ্ডে, বিশিষ্ট নাট্যকার যথাক্রমে চিত্রভানু ভৌমিক, শান্তনু পাল, রাহুল দাশগুপ্ত, বিশ্বজিৎ দাস সহ অরিন্দম রায়, ভবতোষ চক্রবর্তী, অধ্যাপক অজয় রায়, বিজয়া কর সোম, সুরজিৎ সোম, প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, পৌরসভার প্রাক্তন কমিশনার অতনু ভট্টাচার্য, বিশিষ্ট সমাজকর্মী সঞ্জীব রায়, কমল চক্রবর্তী, মানস দাস, নির্মল কুমার দাস, হিল্লোল ভট্টাচার্য, শ্রমিক নেতা হায়দার হোসেন চৌধুরী, প্রদীপ নাথ, মৃণালকান্তি সোম, ফারুক লস্কর, মহিলা নেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সুহাস ভট্টাচার্য, গৌরাঙ্গ নাথ, স্বাগতা ভট্টাচার্য, চন্দা দে, শিবশঙ্কর দত্ত রায়, সৌম্যকান্তি পুরকায়স্থ, মধুমিতা দেব, পল্লব ভট্টাচার্য, রাহুল রায়, নন্দিতা ভট্টাচার্য, সাহিদ সইদুল, সুবীর আচার্য সহ বিভিন্ন সংগঠনের কর্মী সহ বিশিষ্ট জনেরা। আগামীকাল একটি স্মারকপত্র কাছাড় জেলা আয়ুক্তের কাছে প্রদান করা হবে।



