২৮ ফেব্রুয়ারি থেকে ভাবীকালের নাট্য উৎসব

বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : ভাবীকাল থিয়েটার গ্রুপ প্রতি বছরের মতো এবারও সপ্তরাজ রঙ্গ উৎসবের আয়োজন করেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি এই নাট্য উৎসবের উদ্বোধন হবে। চলবে ২ মার্চ পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে মোট সাতটি দল শিলচর গান্ধী ভবন মঞ্চে আয়োজিত জাতীয় নাট্য উৎসবে নিজেদের প্রযোজনা তুলে ধরবে। নাটকের সঙ্গে সপ্তরাজ রঙ্গ  উৎসবে ভাবীকালের ৪২ বছর পূর্তি উপলক্ষে এবার রয়েছে একটি বিশেষ আয়োজন —- “নাট্য ক্রিয়ার নানা মাত্রা: অনুশীলনের দর্পণে” শীর্ষক একটি আলোচনা চক্র। সেটি হবে স্থানীয় মধ্যসহর সাংস্কৃতিক সমিতির সভাগৃহে, আগামী ১ মার্চ। তাতে নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করবেন ১২জন আমন্ত্রিত বক্তা।

তাঁরা হলেন নীলাঞ্জন ভট্টাচার্য, রাজেশ দে, বিপ্লব দাস, অমরজিৎ পান্ডে, এনাক্ষী রায়, অনির্বাণ রায়, ড. জয়শ্রী দে, অজয় সেনগুপ্ত, সায়ন্তনী পাল, প্রতিম কুমার দেব, চিরঞ্জীব ভট্টাচার্য ও সুরজিৎ দেব। ভাবীকালের নির্দেশক শান্তনু পাল জানান, সপ্তরাজ রঙ্গ উৎসবে এবার যেমন বিষয় ভিত্তিক আলোচনা চক্র সংযোজিত হয়েছে, তেমনি নাটক মঞ্চায়নেও বিশেষ প্রাপ্তির জায়গা রয়েছে।

আসাম বিশ্ববিদ্যালয়ের পারফরমিং আর্ট ডিপার্টমেন্ট (থিয়েটার)-ও নাটক নিয়ে আসছে এই উৎসবে। তাঁরা মঞ্চস্থ করবে “বলি ওর শম্ভু” (হিন্দি ও বাংলা)। কলকাতার থিয়েটার সাইনের প্রযোজনা নাট্যকার বাদল সরকারের “বাঘ” (বাংলা)। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র অবলম্বনে “স্ত্রীর e-পত্র” (বাংলা) করবে প্রান্তিক, বহরমপুর। “লাভধাবতি ভিখরালা” (মারাঠি/ হিন্দি) করবে গিরিশ ক্রিয়েশন, মুম্বাই, মহারাষ্ট্র। বিশ্বনাথ চারিয়ালির বর্নাম-র এবারের নাটক “কাঠফুলা” (অসমিয়া)। পয়লাপুলের রেস মঞ্চস্থ করবে “সীমানা” (বাংলা)। আয়োজক ভাবীকালের নিজস্ব প্রযোজনা “কেন” (বাংলা) অনু নাটকটিও অভিনীত হবে বলে নির্দেশক শান্তনু জানিয়েছেন। তিনি বলেন, খুব শীঘ্রই পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে। অন্য বছরগুলোর মতো এবারও নাটকপ্রিয় শিলচরবাসীর সমর্থন, সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন ভাবীকালের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *