বরাক তরঙ্গ, ১৭ মার্চ : ধলাই দুলাল গ্রামের বাসিন্দা, প্রাক্তন সেনাকর্মী প্রহ্লাদচন্দ্র নাথ আর নেই। মঙ্গলবার দুপুর প্রায় একটায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। প্রহ্লাদ নাথ ভারতীয় সেনাবাহিনীর আর্মি মেডিক্যাল কোরে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কর্মরত ছিলেন। কর্মজীবনে দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে তিনি দেশমাতৃকার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেন। সেনাবাহিনীর কঠোর শৃঙ্খলা ও প্রটোকলের মধ্যে থেকেও মানবিক দায়বদ্ধতাকে সর্বাগ্রে রেখে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন।
২০০৯ সালে অবসর গ্রহণের পর তিনি স্থায়ীভাবে নিজ গ্রামে ফিরে আসেন। অবসর জীবনেও থেমে থাকেননি, গৃহস্থালির কাজের পাশাপাশি নিজেকে একজন সমাজসেবী হিসেবে গড়ে তোলেন। এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর এই নিরলস সমাজসেবামূলক কাজ তাঁকে স্থানীয় মানুষের কাছে একজন শ্রদ্ধেয় ও প্রিয় ব্যক্তিত্বে পরিণত করে। উল্লেখ্য,পাঁচ মাস আগে তাঁর স্ত্রী সঙ্গীতা নাথও একইভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি রেখে গেছেন এক পুত্র, এক কন্যা, পুত্রবধূসহ অসংখ্য গুণগ্রাহী। তাঁর পুত্র প্রিতম নাথ পেশায় একজন সংবাদকর্মী।
প্রহ্লাদ নাথের আকস্মিক প্রয়াণে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশসেবা ও সমাজসেবায় নিবেদিত এই মানুষটির মৃত্যুতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, যা দীর্ঘদিন অনুভূত হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।




