স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে গঠন ‘হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটি’

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ মার্চ : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ অবিলম্বে স্থাপনের দাবি পুনরায় জোরালোভাবে তুললেন আইনজীবীরা। গঠন করলেন হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটি। এ বিষয়ে আগামীকাল বরাক উপত্যকা সফরে আসা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্যও আবেদন জানিয়েছেন কমিটির সদস্যরা।

শুক্রবার শিলচর বার অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির আহ্বায়ক আইনজীবী ধ্রুবকুমার সাহা সহ একাধিক আইনজীবী এই দাবি তুলে ধরেন। উপস্থিত ছিলেন আইনজীবী দীপক চক্রবর্তী, প্রসেনজিৎ দেব, দেবব্রত দাস, দীপক কুমার দেব, স্বর্ণালী ঘোষ, নীলাদ্রি রায়, ধর্মানন্দ দেব এবং ইয়াসিন আলি বড়ভূইয়া প্রমুখ। সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, ১৯৮০ সাল থেকে বরাক উপত্যকার আইনজীবী সমাজ এবং সাধারণ মানুষ শিলচরে গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি জানিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে এই দাবিটি উপেক্ষিত হয়ে থাকায় জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

তাদের বক্তব্য অনুযায়ী, এটি কেবল আইনজীবীদের দাবি নয়, বরং বরাক উপত্যকার মানুষের একটি গণদাবি। তাই সাধারণ মানুষের বিচারপ্রাপ্তি সহজ করতে অবিলম্বে শিলচরে গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ স্থাপন করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে।

এই দাবি আদায়ের জন্য নতুন করে সংগঠিত হতে গঠন করা হয়েছে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটি। এর মুখ্য আহ্বায়ক মনোনীত হয়েছেন প্রবীণ আইনজীবী ধ্রুবকুমার সাহা। আহ্বায়করা হলেন, প্রসেনজিত দেব, দীপককুমার দেব, ইয়াসিন আলি বড়ভুইয়া, ধর্মানন্দ দেব, নীলাদ্রি রায়, রঞ্জু দেব, দেবব্রত দাস ও স্বর্ণালী ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *