অসমের জনগণকে পাঁচ গ্যারান্টি মল্লিকার্জুন খাড়গের

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ মার্চ : কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে অসমের জনগণকে দিলেন পাঁচটি গ্যারান্টি। গত লোকসভা নির্বাচনের সময় কংগ্রেস যেমনভাবে অসমের ভোটারদের আকৃষ্ট করতে প্রতিশ্রুতি দিয়েছিল, তেমনই এবারও বিধানসভা নির্বাচনে পাঁচ দফা গ্যারান্টির ঘোষণা করেছে। অসমের মানুষের সুরক্ষা ও উন্নয়নের জন্যই এই পাঁচটি গ্যারান্টি দেওয়া হয়েছে বলে খাড়গে তাঁর ভাষণে উল্লেখ করেন। রবিবার লখিমপুর-এ কংগ্রেসের এক বিশাল নির্বাচনী প্রচার সভায় অংশ নিয়ে খাড়গে বলেন, “কংগ্রেস সরকার ক্ষমতায় এলে মহিলাদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। প্রতিটি পরিবারকে ২৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা দেওয়া হবে। ১০০ দিনের মধ্যে জুবিন গার্গ-এর ন্যায় বিচার দেওয়া হবে। ১০ লক্ষ ভূমিপুত্রকে স্থায়ী পট্টা দেওয়া হবে। এছাড়াও বৃদ্ধ ভাতা ১২৫০ টাকা করে দেওয়া হবে।”
মল্লিকার্জুন খাড়গে আরও বলেন, “এবার হিমন্ত বিশ্ব শর্মা-কে সরাতে হবে। এবারের নির্বাচন কংগ্রেস ও বিজেপির মধ্যে নয়, বরং আসল কংগ্রেস ও নকল কংগ্রেসের মধ্যে লড়াই হবে।”

উল্লেখযোগ্য যে, অসমের নির্বাচনী প্রেক্ষাপটে উত্তর অসমে জাতীয় নেতার অংশগ্রহণে এটি কংগ্রেসের প্রথম নির্বাচনী প্রচার সভা। এই সভায় কংগ্রেস নেতৃত্ব বিজেপি সরকার এবং হিমন্ত বিশ্ব শর্মার তীব্র সমালোচনা করে। তারা দাবি করেন, অসমে সর্বানন্দের নামে নির্বাচন হলেও মুখ্যমন্ত্রী হয়েছেন হিমন্ত। এছাড়াও তারা অভিযোগ করেন যে, হিমন্ত বিশ্ব শর্মার পরিবার দুর্নীতির সঙ্গে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *