বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে গুয়াহাটিতে পৌঁছেছেন কংগ্রেস স্ক্রিনিং কমিটির অধ্যক্ষ প্রিয়ঙ্কা গান্ধী। একাধিক কর্মসূচি নিয়ে অসম সফরে আসা এই কংগ্রেস নেত্রী রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে রাজ্য নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। গুয়াহাটিতে পৌঁছে প্রিয়ঙ্কা গান্ধী বলেন, “আমরা সবার সঙ্গে কথা বলছি, পরামর্শ নিচ্ছি এবং যত বেশি সম্ভব মানুষের মতামত জানার চেষ্টা করছি। গত চার-পাঁচ দিন ধরে আমাদের স্ক্রিনিং কমিটির সদস্যরা জেলার পর জেলা ঘুরে আলোচনা করেছেন। আমরা যেন যোগ্য ও শক্তিশালী প্রার্থীকে টিকিট দিতে পারি, সেই লক্ষ্যেই কাজ করছি। আমরা অসমে শক্তিশালীভাবে নির্বাচন লড়ব। জোটের বিষয়টিও আমরা পর্যবেক্ষণে রেখেছি।”
দু’দিনের সফরে গুয়াহাটি এসে এই মন্তব্য করেন কংগ্রেস নেত্রী। উল্লেখ্য, ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনের কৌশল নির্ধারণের অংশ হিসেবে বৃহস্পতিবার তিনি দুদিনের সফরে অসমে পৌঁছেছেন। স্ক্রিনিং কমিটির অধ্যক্ষ হিসেবে তিনি দলের শীর্ষ নেতৃত্ব, বিধায়ক এবং কর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নিচ্ছেন। প্রার্থী নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তমানে তার ওপরই ন্যস্ত রয়েছে।
অসম সফরের অংশ হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী প্রথমে কামাখ্যা মন্দিরে পূজা দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। এরপর রাজীব ভবনে সকাল সাড়ে ১১টা থেকে ম্যারাথন বৈঠকে অংশ নেন। স্ক্রিনিং কমিটির সদস্যরা ব্লক স্তরের নেতা, বিধায়ক এবং দলের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন বলে জানা গেছে।
এদিকে, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ও কংগ্রেসের শীর্ষ নেতা ডিকে শিবকুমার-ও গুয়াহাটিতে উপস্থিত রয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, বিজেপি নির্বাচন নিয়ে উদ্বিগ্ন এবং এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ভালো ফল করবে বলে তিনি আশাবাদী।
পাশাপাশি, গুয়াহাটির দিশপুরে এক অনুষ্ঠানে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে দুর্নীতি ও ব্যর্থতার অভিযোগ তুলে “রাইজর চার্জশিট” প্রকাশ করেছে। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, দুর্নীতির বিষয়টি এবারের নির্বাচনে তাদের অন্যতম প্রধান ইস্যু হবে।



